‘বোমা মেশিন’ উচ্ছেদ করতে গিয়ে কর্মকর্তারা লাঞ্ছিত
সিলেটের কোম্পানীগঞ্জে পরিবেশ ধ্বংসকারী ‘বোমা মেশিন’ ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সিলেটের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশ ধ্বংসকারী ‘বোমা মেশিন’ উচ্ছেদে যান। পরিদর্শক আবদুল মানিক মিয়ার নেতৃত্বে ও স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান। অভিযান চালিয়ে তিনটি বোমা মেশিনে অগ্নিসংযোগ এবং আটটি বোমা মেশিন ধ্বংস করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সিলেটের উদ্দেশে অটোরিকশাযোগে রওনা দেন। অটোরিকশাটি উপজেলার বারুয়াবাজার এলাকায় পৌঁছালে বোমা মেশিন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একদল লোক কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে পরিবেশ অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহামঞ্চদ শাহিন ও শ্রমিক খালেদ মিয়া আহত হন। সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মানিক মিয়া প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে এসব পরিবেশ ধ্বংসকারী বোমা মেশিন ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে বসানোর প্রক্রিয়া চলছিল। আমরা খবর পেয়ে অভিযান চালাই। ফেরার পথে সংশ্লিষ্টরা কয়েকটি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।’