‘বোমা মেশিন’ দিয়ে পাথর তোলা হচ্ছে, জীববৈচিত্র্য হুমকিতে
পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে দুই মাস ধরে অর্ধশত ‘বোমা মেশিন’ (স্থানীয়ভাবে ড্রিল ড্রেজার হিসেবে পরিচিত) দিয়ে পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী ও সাধারণ পাথরশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর বোমা মেশিন মালিকপক্ষ ও সাধারণ পাথরশ্রমিকদের মধ্যে সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) নামের এক সাধারণ পাথরশ্রমিক নিহত হন। এরপর দীর্ঘদিন বোমা মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ থাকে। কয়েক মাস ধরে আবার তেঁতুলিয়া ও সদর উপজেলার ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, সাতমোরা, অমরখানা ইউনিয়নে অর্ধশত বোমা মেশিন দিয়ে পাথর তোলা চলছে। এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তি রাজনৈতিক দল ও প্রশাসনের ছত্রছায়ায় এ কাজ করছেন। কেউ কেউ নিজের জমি দাবি করে খাসজমি থেকে পাথর তুলছেন।সাধারণ পাথরশ্রমিকেরা বোমা মেশিন দিয়ে পাথর তোলার প্রতিবাদে গত ৭ মে সন্ধ্যায় ভজনপুর বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। ওই সমাবেশে পাথরশ্রমিক আন্দোলনের নেতা তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুক্তারুল হক, আবু তাহের প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বোমা মেশিন বন্ধ না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বলেন, পাথর তুলতে বিশাল বিশাল গর্ত করা হচ্ছে। পাথর তোলার পর এসব জমি পতিত হয়ে পড়ছে। এতে কৃষিজমি হ্রাস পাচ্ছে। অপরিকল্পিতভাবে পাথর তোলার ফলে ভূমির গঠন ও প্রকৃতি বদলে যাচ্ছে। ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান বলেন, পাথর তোলার ফলে আবাদি জমি ও মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। তেঁতুলিয়া উপজেলার প্রায় ৭০০ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে। এসব জমি দীর্ঘদিনেও আর আবাদি জমিতে পরিণত করা সম্ভব হবে না। কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় বোমা মেশিন দিয়ে পাথর তোলার অভিযোগ সঠিক নয়। আমরাও বোমা মেশিন দিয়ে পাথর তোলাকে সমর্থন করি না। গত ১৪ মে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বোমা মেশিন দিয়ে পাথর তোলা বন্ধের জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দেন। সভায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুক্তারুল হককে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আবার আলোচনা হয়। ওই দিনই বিকেলে সহকারী পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং মাত্র তিনটি বোমা মেশিন জব্দ করা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার বলেন, ‘আমরা বোমা মেশিন বন্ধের জন্য অভিযান চালিয়ে তিনটি মেশিন জব্দ করেছি। এ ব্যাপারে ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’ জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, কোনো ক্রমেই বোমা মেশিন দিয়ে পাথর তুলতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে। পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এলাকায় অভিযান চালাচ্ছে। বোমা মেশিন জব্দ করে মামলা করা হচ্ছে।