'বোমাবাজি হলেই মামলা দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রামের যে জায়গায় বোমাবাজি হবে, সেই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশদানকারী ৩০ জনের বিরুদ্ধে মামলা দিতে হবে। আর আগামী ২০ অক্টোবরের মধ্যে সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমাদের বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে। আমরা অসাধ্যকে সাধ্য করতে জানি। সন্ত্রাসীদের গণধোলাই দিতে জানি।’
গতকাল শুক্রবার দুপুরে নগরের চশমা হিলের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। এর আগে গতকাল দুপুরে নিজ বাসভবনে চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন। গতকালের সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যারা নির্বাচন ঠেকাতে চায় এবং গণতন্ত্র ধ্বংস করতে চায়, তাদের লক্ষ্য পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা। নতুন হাওয়া ভবন বানিয়ে লুটপাট এবং দেশে জঙ্গিবাদ কায়েম করা। তাদের আখেরি ইচ্ছা হলো দেশকে পাকিস্তান বানানো। আমরা তা কিছুতেই হতে দেব না। তাদের বাতাসের ধুলোবালুর মতো আমরা উড়িয়ে দিতে পারি।’
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপি ধর্মান্ধতাকে উসকে দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। অবৈধ অস্ত্র নিয়ে ওরা মাঠে নেমেছে। নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে। পরিবহনচালককে পুড়িয়ে মারছে। এমনকি পুলিশের ওপর আক্রমণ করে অস্ত্র কেড়ে নিয়ে তাদের হত্যা করা হচ্ছে। বোমা মেরে মেধাবী স্কুলছাত্রীর চোখ নষ্ট করা হয়েছে। সরকারি সম্পদ জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করা হয়েছে। আদালতেও আগুন দিয়ে সাধারণ মানুষের জায়গা-জমির দলিলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা আজ রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগর এলাকার চারটি আসনে জয় নিশ্চিত করতে আওয়ামী লীগ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৬০০ জন কর্মী নিজেদের বাসভবনকে নির্বাচনী দুর্গে পরিণত করবে। প্রতিটি কর্মী ২০ জন করে ভোটারের নাম-ঠিকানা ও তথ্য সংগ্রহ শুরু করেছে। এতে আমাদের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে ১২ হাজার ভোট রিজার্ভ করে রেখেছে।’ আগামী ঈদের আগেই পশুরহাটে সার্বক্ষণিক পুলিশ ফাঁড়ি বসানোর দাবি জানান মহিউদ্দিন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘পশুর বাজার নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে বিক্রেতারা নির্বিঘ্নে যাতে হাটে আসতে পারে, সে জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’