'বোমামেশিনে'র ব্যবস্থাপক হত্যার ঘটনায় মামলা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির ‘বোমামেশিন’ (অবৈধ পাথর উত্তোলনযন্ত্র) ব্যবস্থাপক বাবুল মিয়া (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বোমামেশিনের মালিক মো. শাহাবুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন। তবে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গত বুধবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে ফেরার পথে ধলাই নদের চরে মুখোশধারীদের ছুরিকাঘাতে নিহত হন বাবুল মিয়া (৩০)। তিনি নীলফামারীর ভাবনচর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের বোমামেশিনের ম্যানেজার পদে চাকরি করছিলেন। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাবুল মিয়া প্রতিদিনের মতো বুধবার রাত প্রায় নয়টার দিকে পাথর কোয়ারিতে বোমামেশিন বন্ধ করে বাসায় ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কোম্পানীগঞ্জের ডাকাতিরবাড়ির বাসিন্দা নাজিম উদ্দিন (২৮) নামের একজন পাথরশ্রমিক। ভোলাগঞ্জের ধলাই নদের চর দিয়ে ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দুজনের পথ রোধ করে। এ সময় নাজিম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা ধাওয়া করে বাবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নাজিমের মাধ্যমে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বাবুলের লাশ পায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, কোয়ারি থেকে পাথর উত্তোলন নিয়ে কোনো পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। খুনি শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশে তৎপরতা চালিয়েছে। ওই সময় বাবুলের সঙ্গে থাকা ব্যক্তিকেও নজরদারির মধ্যে রাখা হয়েছে।