'বোমা' মেশিনে পাথর তোলা বন্ধের দাবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘বোমা’ মেশিন (ড্রিল ড্রেজার নামে পরিচিত) দিয়ে পাথর তোলা বন্ধের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা পাথর বালি যৌথ ফেডারেশনের নেতারা দুপুরে এ স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বোমা মেশিন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় এক বছর বন্ধ থাকার পর কয়েক দিন ধরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান, বুড়াবুড়ি, ভদ্রেশ্বর, খুনিয়াগছ, ডাহুক নদী, লোহাকাচি, কালীতলাসহ বিভিন্ন স্থানে কমপক্ষে ৩৫টি বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। রোববার বিকেলে জেলা পাথর বালি যৌথ ফেডারেশনের নেতারা পুলিশ নিয়ে এসব বোমা মেশিন বন্ধ করতে গেলে মেশিন মালিকের পক্ষের লোকজন তাঁদের ওপর চড়াও হয়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্মারকলিপিতে অবিলম্বে এসব অবৈধ বোমা মেশিন উচ্ছেদ ও এর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পাথর উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়। অন্যথায় যেকোনো সময় সাধারণ পাথরশ্রমিকদের বিক্ষোভসহ সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।