'বোম্বে' গ্রুপের রক্তে জীবন ফিরে পেলেন কামরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চার ব্যক্তির দেওয়া বিরল গ্রুপের রক্তে জীবন ফিরে পেলেন মোহাম্মদ কামরুজ্জামান। আজ রোববার সকালে তিনি হাসপাতাল ছেড়ে চলে যাবেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কামরুজ্জামান অনেকটাই সুস্থ। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা এখন সময়ের ব্যাপার।
২১ মে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আরিনোবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা কামরুজ্জামানকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দেখতে পান বাঁ হাত, বাঁ পা ও কোমর ভেঙে গেছে। অস্ত্রোপচারের প্রস্তুতির সময় বিপত্তি বাধে রক্তের গ্রুপ নিয়ে। তাঁর রক্তের গ্রুপ ‘ওএইচ পজিটিভ’। রক্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গ্রুপের রক্ত বিরল। চিকিৎসক সমাজে ‘বোম্বে’ গ্রুপের রক্ত নামে পরিচিত। দেশে এই গ্রুপের রক্ত পাওয়া যায়নি। রক্ত না পাওয়ার কারণে কামরুজ্জামানের অস্ত্রোপচার এক মাস থেমে ছিল।
কামরুজ্জামানের প্রতিষ্ঠানের পরিচালক শেখ তুহিনুর আলম ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, ভারতের মুম্বাইয়ে এই বিরল গ্রুপের রক্তের মানুষ আছে। থিঙ্ক ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের কাছে এমন ৪০০ মানুষের নাম-ঠিকানা আছে। থিঙ্ক ফাউন্ডেশনের কর্ণধার বিনয় শেঠি রক্তের নিশ্চয়তা দিলে তুহিনুর আলম মুম্বাই যান ১৬ জুন। স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কোরি, মেহুল ভেলেকার ও প্রবীণ সিন্ধের দেওয়া চার ব্যাগ রক্ত নিয়ে ১৮ জুন দেশে ফেরেন তিনি। ২০ জুন কামরুজ্জামানের অস্ত্রোপচার হয়।
গতকাল শনিবার কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠান আমার পাশে না দাঁড়ালে কী হতো জানি না। ভারতের চার ব্যক্তির রক্তের ঋণ শোধ করতে পারব না, তবে সুস্থ হয়ে তাঁদের সঙ্গে দেখা করতে ভারতে যাব।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কামরুজ্জামান অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর হাত ও পা ভালো হয়ে গেছে বলা যায়। আর কোমরের যা সমস্যা, তা মাস খানেকের মধ্যে ভালো হয়ে যাবে। তবে সে জন্য হাসপাতালে থাকার দরকার হবে না। মাঝেমধ্যে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।