'বৌদ্ধ সভ্যতা ও বৌদ্ধকীর্তি দেশে দেশে' বইয়ের মোড়ক উন্মোচন
লেখক ও গবেষক প্রকৌশলী জ্যোতি বিকাশ বড়ুয়া রচিত বৌদ্ধ সভ্যতা ও বৌদ্ধ কীর্তি দেশে দেশে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সুকোমল বড়ুয়া প্রমুখ।
কাশবন প্রকাশন থেকে প্রকাশিত বইটিতে পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধ সভ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে। লেখক বিভিন্ন বৌদ্ধ সভ্যতার দুর্লভ কিছু ছবি বইটিতে সংযোজন করেছেন।
গ্রন্থটি সম্পর্কে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বইটিতে বৌদ্ধ সভ্যতার বিভিন্ন দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাঠকেরা বইটি পড়ে বৌদ্ধ সভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।