'ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন হাবিব'
মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে ৪ মে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছিল জোরারগঞ্জ থানার পুলিশ। নিহত ব্যক্তির পকেটে পাওয়া রসিদের সূত্র ধরে পুলিশ ওই যুবকের পরিচয় পায়।
নিহত যুবক নেত্রকোনার বারহাট্টা উপজেলার দুধগড়া গ্রামের রজব আলীর ছেলে মো. হাবিব (২৫)। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১০ মে রাতে চট্টগ্রাম থেকে ১১ জনকে আটক করেছিল। গতকাল সোমবার তাঁদের মধ্য থেকে চারজন হাবিবকে খুনের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, হাবিবকে খুনের কথা স্বীকার করেছেন লক্ষ্মীপুরের পার্বতীনগর গ্রামের স্বপন চন্দ্র দাশ (৩৫), দাউদকান্দির শ্রীরায়চর গ্রামের খোরশেদ আলম (৩৩), লাকসামের এলাইন গ্রামের আবুল কালাম (৪১) ও হাতিয়ার উড়িরচর গ্রামের গোলাম মাওলা ওরফে বাবলু (৩৮)। তাঁদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী বাচাইয়াসহ আরও দু-তিনজন ছিলেন বলে তাঁরা জানিয়েছেন। চট্টগ্রামের সদরঘাট আবাসিক হোটেল আকাশে তাঁরা সবাই মেয়েদের ধরে এনে দেহব্যবসা করাতেন। ওই ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে তাঁরা হাবিবকে খুন করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, গতকাল সোমবার স্বীকারোক্তি দেওয়া চারজনকে চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।
গত শনিবার রাতে চট্টগ্রামের সদরঘাট এলাকার আকাশ হোটেলে (আবাসিক) ওই খুনের সঙ্গে জড়িতদের ধরতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর, কনস্টেবল খবিরুল ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী বাচাইয়া (অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার) আহত হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।