‘ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন মোদাব্বির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন সিলেটের শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মোদাব্বির হোসাইন (৪২)। পুলিশ এ কথা বলেছে। এদিকে গতকাল সোমবার হত্যা মামলার প্রধান আসামি কবির আহমদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে—এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে।পুুলিশ সূত্র জানায়, সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় ইউনিভার্সেল প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে নিজেই পরিচালনা করে আসছিলেন আইনজীবী মোদাব্বির। গত ৫ এপ্রিল রাত নয়টায় ইনস্টিটিউটে নিজ কার্যালয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় মোদাব্বিরের লাশ উদ্ধার করে পুলিশ। ৮ এপ্রিল নিহত ব্যক্তির স্ত্রী আয়েশা আখঞ্জী মোদাব্বিরের ব্যবসায়িক বন্ধু কবির আহমদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় হত্যা মামলা করেন।পুলিশ সূত্রের ভাষ্যমতে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশ নিশ্চিত হয় যে কবিরই হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত। গত ৩০ জুলাই রাতে কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায়, রোববার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে কবিরকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে কবির নিজেকে মোদাব্বিরের ঘনিষ্ঠ বন্ধু বলে স্বীকার করেন এবং ব্যবসায়িক নানা রকম লেনদেনের বিষয়টিও স্বীকার করেন। তবে হত্যাকাণ্ডে কবির সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।