‘ব্যবসায়ী আগ্রাসনের কবলে বাংলা ভাষা’
বিদেশি ভাষার আগ্রাসনে বিপদগ্রস্ত অবস্থায় আছে বাংলা ভাষা। বাংলা ভাষার ওপর হিন্দুস্থানি ভাষা ও ইংরেজি ভাষার প্রভাব দিন দিন বাড়ছে। ব্যবসায়ী আগ্রাসনের কারণেই এমনটি হচ্ছে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ভাষা ও সাহিত্য সম্মেলন ২০১২’-তে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। ‘মাতৃভাষায় প্রত্যেকের আত্মপ্রকাশের অধিকার গণতান্ত্রিক’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ লেখক শিবির এই সম্মেলনের আয়োজন করে।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাঙালি শিশুরা টেলিভিশন দেখে বাংলার আগে হিন্দি ভাষা শিখছে, যা খুবই আশঙ্কাজনক। ব্যবসায়ী আগ্রাসনের ফলে এমনটি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভাষার বিকাশ গণতান্ত্রিক বিশ্বেই সম্ভব। আর এর প্রধান বাধা হচ্ছে পুঁজিবাদ।সিরাজুল ইসলাম আরও বলেন, বাঙালিরা জাতিগতভাবে বিচ্ছিন্নতার মধ্যে আছে। এখানকার আদিবাসীরা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে তাদের অবস্থার উন্নতি করতে পারছে না। দেশের শাসকগোষ্ঠী যেখানে বিরোধী দলকেই সহ্য করতে পারে না, সেখানে আদিবাসীদের কী করে সহ্য করবে? কীভাবে তাদের ভাষার স্বীকৃতি দেবে?