‘ব্যর্থতার ভারেই সরকারের পতন হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল বুধবার বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণমিছিল শুরু করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মওদুদ বলেন, ‘চার বছরে সরকারের ব্যর্থতার হিসাব এত বেশি যে বলে শেষ করা যাবে না। এই ব্যর্থতার ভারে তাদের পতন ঘটবে। শান্তিপূর্ণ আন্দোলনেই এদের বিদায় করব।’ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা-গ্রেপ্তার ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী মহানগর ও জেলা সদরে ১৮ দল গণমিছিল করে।রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বিকেলে গণমিছিল শুরু হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে। মিছিলটি মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিরোধী জোটের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এ সময় নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন করা হয়।১৮ দলীয় জোটের এই কর্মসূচির কারণে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফকিরাপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। এতে চাপ পড়ে আশপাশের এলাকার রাস্তায়। ফলে নগরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে কর্মক্ষেত্র থেকে ঘরে ফিরতে গিয়ে মানুষ বেশ ভোগান্তিতে পড়েন।কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকেই বিরোধী দলের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন, সরকারবিরোধী ব্যঙ্গচিত্র নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিজয়নগর, নয়াপল্টন, ফকিরাপুল পর্যন্ত রাস্তা নেতা-কর্মীদের দখলে চলে যায়। বিকেল পৌনে চারটার দিকে মিছিল শুরু হয়।মিছিলে ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে জামায়াত ও এর ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের অনেকের হাতে জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবি-সংবলিত পোস্টারও দেখা গেছে।গণমিছিল শুরু হওয়ার আগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে মওদুদ অভিযোগ করেন, গণমাধ্যমের ওপর সরকার আবার আঘাত শুরু করেছে। সরকার আস্তে আস্তে আবার পঁচাত্তরের দিকে চলে যাচ্ছে। কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ জনগণ মেনে নেবে না। মিছিলে ১৮ দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির এম কে আনোয়ার, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, জামায়াতের মুজিবর রহমান, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।