'ব্যানার কালচারে' সৌন্দর্য আড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ময়লাপোতা মোড়ের ভাস্কর্যটির নিচের অংশে আর জায়গা নেই। সব ঢেকে গেছে ব্যানার আর পোস্টারে। ছবি: প্রথম আলো
খুলনা নগরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ময়লাপোতা মোড়ের ভাস্কর্যটির নিচের অংশে আর জায়গা নেই। সব ঢেকে গেছে ব্যানার আর পোস্টারে। ছবি: প্রথম আলো

খুলনা নগরের বিভিন্ন স্থাপনা, সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো ঈদ শুভেচ্ছার ব্যানার, ফেস্টুন ও তোরণে ঢেকে আছে। নগরের শিববাড়ি, ময়লাপোতা ও নতুন রাস্তার মোড়ে সৌন্দর্যবর্ধনকারী তিনটি স্থাপনা ও ভাস্কর্য ব্যানার-ফেস্টুনে মুড়ে রাখা হয়েছে।
উপলক্ষ বদলালেও এসব ব্যানার-ফেস্টুন সরে না। কিছু সরকারি প্রতিষ্ঠান, ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের নামে তৈরি এসব ব্যানার-ফেস্টুনে সৌন্দর্যহানির পাশাপাশি দুর্ঘটনার শঙ্কাও তৈরি হচ্ছে।
নগরবাসী বলছেন, ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করায় এগুলো সরানো যাচ্ছে না বা সরাতে উৎসাহ দেখায় না সিটি করপোরেশন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সৌন্দর্যবর্ধনবিষয়ক কমিটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান হতাশা ব্যক্ত করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে কেসিসির সাধারণ সভায় একাধিকবার কথা হয়েছে। তবে নানা কারণে আমরা সমাধান করতে পারছি না। রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব না।
সরেজমিনে দেখা গেছে, শিববাড়ি মোড়ের কেসিসির ফোয়ারার চারপাশ বাঁশ দিয়ে ঘিরে ব্যানার টানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। ময়লাপোতা মোড়ের ‘মৈত্রী’ ভাস্কর্যের চারপাশও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ব্যানারে ঢাকা। একই অবস্থা খালিশপুরের ‘বীর-বাঙালি’ ভাস্কর্যেরও। ব্যানারে ঢাকা তার চারপাশ। পাশাপাশি নগরের শহীদ হাদিস পার্ক এলাকা, কেডিএ সড়ক, পুরাতন যশোর লোয়ার রোড, রূপসা ঘাট, পিটিআই মোড়, বিভিন্ন কলেজের সামনে, মজিদ সরণি, সোনাডাঙা বাসস্ট্যান্ড, জিরো পয়েন্টসহ ছোট-বড় সড়কের দুই পাশে ও সড়ক বিভাজনেও আছে তোরণ, ব্যানার ও ফেস্টুন।

খুলনা নগরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সাতরাস্তা মোড়ের সড়ক বিভাজকও ঢেকে আছে ব্যানারে  l ছবি: প্রথম আলো
খুলনা নগরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সাতরাস্তা মোড়ের সড়ক বিভাজকও ঢেকে আছে ব্যানারে l ছবি: প্রথম আলো


কথা হয় সাতরাস্তা মোড়ে চলাচলকারী নগরের বাসিন্দা ফয়সাল আহমেদের সঙ্গে। তিনি বলেন, সারা দেশের মতো খুলনায়ও ‘ব্যানার কালচার’ চালু হয়েছে। কোনো একটা উৎসব বা রাজনৈতিক কর্মসূচি পেলেই নগরজুড়ে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যানার ও ফেস্টুনে ভরে যায়। উপলক্ষ বদলালেও সারা বছরই এগুলো থাকে। ব্যানারের কারণে কয়েকটি মোড়ে রাস্তার ওপাশের কিছু দেখা যায় না।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, যেকোনো ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক প্রোগ্রাম এলেই রাজনৈতিক দলগুলো ফুটপাত, আইল্যান্ডসহ সৌন্দর্যবর্ধনের স্থানগুলো ঢেকে প্রচার-প্রচারণা চালায়। এটা দুর্ভাগ্যজনক।
জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফ নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘অনেকেই সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে এসব করছেন। আবু নাসের হাসপাতালের দিক থেকে এসব অপসারণে অভিযান শুরু হয়েছে, অভিযান চলবে।’