'ব্যানার-পোস্টারে ছবি দিলেই নেতা হওয়া যায় না'
বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। নিজের ছবি-সংবলিত ব্যানার, পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না। ছবি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না। এসব চর্চা বন্ধ হওয়া উচিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে আদর্শ ও সৌজন্যবোধের প্রয়োজন রয়েছে। রাজনীতি থেকে সৌজন্যবোধ কমে যাচ্ছে। নতুনদের সৌজন্যবোধের পরিচয় দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম এনামুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ।