
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানিতে গিয়ে পদদলিত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া জাকাতের কাপড় ও অন্যান্য সাহায্য নিতে গিয়ে বিভিন্ন সময় ভিড়ের কারণে প্রচুর হতাহতের ঘটনা ঘটে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া যায় তা জানতে চেয়ে প্রথম আলো ফেসবুকের পক্ষ থেকে মতামত আহ্বান করা হয়। অনেক পাঠক সেখানে তাঁদের মতামত ও পরামর্শ দিয়েছেন।
বেশির ভাগ পাঠক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। প্রয়োজনে বিভিন্ন বাহিনীর সহায়তা নেওয়ার কথা বলেছেন তারা।
মোহাইমিনুল ইসলাম মান্না লিখেছেন, ‘এসব অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা দরকার এবং এর জন্য নিরাপত্তা বাহিনীর কঠোর হওয়া দরকার।’ ইকবাল হোসাইন খান লিখেছেন, ‘যথাযথ নিয়ম মেনে দেওয়া দরকার। আর জাকাতের ক্ষেত্রে প্রতিদিন কত মানুষকে জাকাত দেবে তা আগে থেকেই জানিয়ে দিতে হবে। আর যারা জাকাত নিবে তারা সঠিকভাবে জেনে নেবে।' ইয়াসিন আরাফাত লিখেছেন, ‘শৃঙ্খলা বজায় রাখার জন্য স্কাউট নিয়োগ করা উচিত। এ ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি দেওয়া যেতে পারে।’
দান গ্রহণ বা দাওয়াতে আসা সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে বলে মতামত দিয়েছেন কেউ কেউ। জুলফিকার আলী লিখেছেন, ‘জাকাতের কাপড় বা মেজবানের খাবারের চেয়ে জীবনের দাম যে অনেক বেশি, তা সবাইকে বুঝতে হবে। আমরা সচেতন না হলে, আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা সম্ভব নয়!’
মুসাব্বির হোসাইনের কথায় রয়েছে হতাশা, তিনি লিখেছেন, ‘ব্যাপারটা এমন না যে, যারা মারা গেছে তারা না খেয়ে থাকত! এই জাতির এর থেকে পরিত্রাণের কোনো উপায় দেখি না! যেখানে সামান্য মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়, ১৫০০ টাকা ঘুষ না পেয়ে গর্ভবতী মা-কে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়, সেখান আর কী-বা বলার থাকতে পারে!’
আয়োজকদের ব্যর্থতাকে বড় করে দেখছেন অনেকেই, এদের মধ্যে রয়েছেন হিমু সরকার, মীর আশরাফুল এবং আওলাদ হোসেন। আওলাদ লিখেছেন, ‘এত মানুষের আয়োজন করতে পেরেছে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখে নাই- এটা বিশাল ব্যর্থতা, নিশ্চয়ই গরিব মানুষরে খাওয়ানো ভালো উদ্দেশ্য ছিল কিন্তু ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা ঠিক রাখা অতি গুরুত্বপূর্ণ। লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা যতোটা সহজ তার চাইতে ব্যবস্থাপনা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তবে এই নিয়ে রাজনীতি করার কিছু নেই।’
এ ধরনের অনুষ্ঠানের বিকল্প প্রস্তাব দিয়েছেন শামীম বিন শওকত আলী। তিনি লিখেছেন, ‘এর উত্তম বিকল্প রয়েছে, দরিদ্র আত্মীয়, প্রতিবেশী, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা কিংবা জনহিতকর যেকোনো খাতে অর্থ দান বা কাজে লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের এই ব্যাপারে মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
এ রকম আরেকটি পরামর্শ দিয়েছেন তন্ময় আহমেদ। তাঁর মতে, ‘সঠিক সিদ্ধান্ত হচ্ছে আমাদের আশপাশে বেশ কিছু ফাউন্ডেশন আছে যারা গরিব অসহায় মানুষদের জন্য কাজ করে। আপনি যদি তাঁদের হাতে তুলে দেন তারা হয়তো দেখে শুনে সঠিক মানুষের হাতে দিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই।’
সজল লিখেছেন, ‘কুপন সিস্টেম চালু করলে অনেকটাই কমে যাবে এই সমস্যা। দেখা যাবে যার কাছে কুপন আছে সে ধীরে সুস্থে জাকাত বা খাবার সংগ্রহ করতে যাবে। শেষ হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। আর যার কাছে কুপন থাকবে না সে ওই জায়গায় যাবে না। তাই ভিড়টা কম হবে।’
সাইফুল ইসলাম এবং শ্রাবণ ধর সাধারণ মানুষকে আরও শৃঙ্খলাপূর্ণ হতে আহ্বান করেছেন। সাইফুল লিখেছেন, ‘আর আমরা বাঙালিরাও সব সময় হুড়োহুড়ি শুরু করি। ফার্মগেটে ডিম নিয়েও এমনটা হয়েছে। সাধারণ মানুষ যদি সুশৃঙ্খল থাকত তাহলে এমন হতো না। আমরা নিজের বেলায় ‘আরে ধুর’ বলে চালিয়ে দেই। অন্যের বেলায় ঠিকই সজাগ। প্রশাসনকেও আরও তৎপর হতে হবে ।'
কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ পোষণ করেছেন হাসিবুল হাসান, তিনি লিখেছেন, ‘দেশের কমিউনিটি সেন্টারগুলো কতটুকু জনবান্ধব তা-ও তদন্ত করার সময় এসেছে। দেশের হোটেল, মোটেল, রেস্টুরেন্টগুলো যেভাবে অবৈধভাবে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, সেটিও তদন্ত করতে হবে।’