'ব্রাজিলের মতো সাত গোলে পরাজিত হবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

ঈদের পরে আন্দোলনে এলে বিএনপি আওয়ামী লীগের কাছে ব্রাজিলের মতো সাত গোলে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলনে এলে ব্রাজিলের মতো সাত গোলে পরাজিত হবেন। তাই আন্দোলনের হুমকি দেবেন না। মাথা ঠান্ডা রেখে সরকারকে সহযোগিতা করুন। আপনারা যে ঈদের পরে আন্দোলনের কথা বলেন, সেই ঈদ বাংলাদেশে কোনো দিন আসবে না।’

নাসিম বলেন, ‘২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই অযথা আন্দোলন করে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করবেন না। যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেন তাহলে বুঝবেন কত ধানে কত চাল।’

খালেদা জিয়াকে দল গোছানোর পরামর্শ দিয়ে নাসিম বলেন, ‘আপনি দল গোছান। এমন দল আপনি করেছেন, বিপদের সময়ে দলের নেতারা পাশে থাকেন না। বিপদের সময়ে ছাত্রলীগ সব সময় মাঠে থেকেছে। কিন্তু আপনার ছাত্রদলকে কোথাও খুঁজে পাওয়া যায় না।’


ছাত্রলীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নাসিম বলেন, ছাত্রলীগের ভেতর যদি কেউ খারাপ থাকে তাহলে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। গুটি কয়েকের জন্য ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মীর দুর্নাম হতে পারে না।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ।