‘ব্রিজ কোনাত উঠলে ভয় নাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ নদের ওপর নির্মিত নেকিরহাট সেতুর দুই মাথার প্রতিরোধক দেয়ালের ইট, রড ও পলেস্তারা খসে পড়ে দেবে গেছে।নেকিরহাট গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘বাবা, ব্রিজ কোনাত উঠলে ভয় নাগে। মনে হয়, এই বুঝি ভাঙ্গি পড়িল।’ একই গ্রামের জিয়ারুল ইসলাম বলেন, ‘বাবা, একনা অনেক পুরাতন ব্রিজ। এটার ওপর যখন গাড়ি ওঠে তখন নড়াচড়া করে।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের সঙ্গে রংপুর শহরের যোগাযোগ সহজ করতে ১৯৯৩ সালে নেকিরহাট গ্রামের কাছে সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ২০০৬ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও তা আর মেরামত করা হয়নি।সরেজমিনে দেখা গেছে, নদীর স্রোতের আঘাতে সেতুসংলগ্ন পশ্চিম পাড় ব্যাপক ভাঙনের কবলে পড়েছে। সেতুর দুই মাথায় প্রতিরোধক দেয়ালের ইট, রড ও পলেস্তারা খসে পড়ে দেবে গেছে। পিলারগুলোতেও বড় বড় ফাটল ধরেছে। যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে।হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘এ সেতুর ওপর দিয়ে ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ ছাড়াও হালকা ও ভারী যানবাহন চলাচল করে। সেতুর দুই মাথায় প্রতিরোধক দেয়ালের ইট, রড, পলেস্তারা খসে পড়ে দেবে গেছে। কিন্তু ইউনিয়ন পরিষদের তহবিল না থাকায় এটি সংস্কার করতে পারছি না। তবে বিষয়টি উপজেলা সমন্বয় কমিটিতে আলোচনা করছি। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডকেও সেতুটি সংস্কার করতে বলেছি। এখন পর্যন্ত কোনো ফল হয়নি।’সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ‘খোঁজ নিয়ে সেতুটি সংস্কারের পরিকল্পনা করব।’