‘ব্র্যাক যক্ষ্মাবিষয়ক সম্মাননা’ পেল প্রথম আলোসহ পাঁচ প্রতিষ্ঠান
ঘাতকব্যাধি যক্ষ্মা থেকে দেশকে মুক্ত করতে সচেতনতা তৈরিতে অবদান রাখায় ‘ব্র্যাক যক্ষ্মাবিষয়ক সম্মাননা’ পেয়েছে প্রথম আলো। বাংলা দৈনিক বিভাগে প্রতিষ্ঠানটি এ সম্মাননা পায়। এ ছাড়া আরও চারটি গণমাধ্যম এ সম্মাননা পেয়েছে।গতকাল রোববার মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে পাঁচটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ, ফুল ও বই তুলে দেন ব্র্যাকের কর্মকর্তা ও অন্যান্য অতিথি। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যক্ষ্মা বিষয়ে আরও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে বলে প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন।ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, অনলাইন নিউজপোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরডটকম এবং ইলেকট্রনিক মিডিয়া এটিএন বাংলা এ সম্মাননা পায়। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি)। গত পাঁচ বছরের মূল্যায়নের ভিত্তিতে গণমাধ্যমগুলো নির্বাচন করা হয়।অনুষ্ঠানের আলোচকেরা জানান, এ বছর তৃতীয়বারের মতো এ ধরনের সম্মাননা দেওয়া হলো। তবে এর আগে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সাংবাদিকেরা এ সম্মাননা পেয়েছেন। এবারই প্রথমবারের মতো গণমাধ্যম প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হলো। আয়োজকদের মতে, একজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হলে গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত অন্য সংবাদগুলোর ভূমিকাকে স্বীকার করার আর উপায় থাকে না।অনুষ্ঠানের সভাপতি ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, বর্তমানে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে এ সাফল্য ধরে রাখতে হলে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। অন্যান্য নতুন রোগের কারণে এ কর্মসূচি থেকে দাতাগোষ্ঠী যেন বাজেট কাটছাঁট না করে, সে ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, প্রথম আলো সব সময়ই জনকল্যাণমূলক কাজকে প্রাধান্য দেয়।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক মো. আশেক হোসেন বলেন, যক্ষ্মাসহ যেকোনো ঘাতকব্যাধি নির্মূলে সামাজিক আন্দোলন এবং সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ্। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি থোসারা ফারনান্দো, ন্যাশনাল অ্যান্টি টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নাটাব) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোজাফ্ফর হোসেন, জুরিবোর্ডের পক্ষ থেকে এপি বাংলাদেশের ব্যুরো প্রধান ফরিদ হোসেন ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক আসিফ মুজতবা মাহমুদ, এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজেশ আলী খান, নিউ এজ-এর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল মনজুর, বাংলা নিউজ টোয়েন্টিফোরডটকমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার বক্তব্য দেন। অনুষ্ঠানে বিটিভির পক্ষ থেকে সম্মাননা নিতে কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগের পরিচালক কাওসার আফসানা বিটিভির পক্ষে সম্মাননা গ্রহণ করেন।এ অনুষ্ঠানের আগে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা শাহবাগ থেকে টিএসসি ও দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাব গিয়ে শেষ হয়। এবারের যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘যত দিন বাঁচব, যক্ষ্মাকে রুখব’।