উন্নয়নমূলক কার্যক্রমে বেসরকারি খাতের সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক৷ রাজধানীর মহাখালীতে ব্র্যাক মিলনায়তনে গত বৃহস্পতিবার সংস্থার ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়৷
অনুষ্ঠানে ব্র্যাকের কার্যক্রম ও গত বছরের অর্জিত সাফল্য তুলে ধরেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন মোশতাক চৌধুরী৷ তিনি বলেন, ব্র্যাকের লক্ষ্য দারিদ্র্যবিমোচন৷ দারিদ্র্য দূর করতে চাইলে দারিদ্রে৵র কারণগুলোর দিকে দৃষ্টি দিতে হবে৷ ব্র্যাক অনুঘটক হিসেবে কাজ করে৷ ব্র্যাক এমন একটি ইকোসিস্টেম তৈরি করে, যার মাধ্যমে দরিদ্র ব্যক্তিরা তাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেরাই নিতে পারে৷ ৪২ লাখ মানুষকে ১২ হাজার কোটি টাকার ওপরে ঋণ বিতরণ, ৩৭ জেলায় ৯১ হাজার অতিদরিদ্র পরিবারের কাছে পৌঁছানো এবং ৯৬ হাজার শিক্ষার্থীর মধ্যে পিএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৯৯ হারে উত্তীর্ণ হওয়াই এর প্রমাণ৷
ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মাহবুব হোসেন জানান, ২০১৩ সালে ব্র্যাকের আয় প্রায় চার হাজার ৯০০ কোটি টাকা৷ এটি ২০১২ সালের তুলনায় ২১ শতাংশ বেশি৷ গত বছর খরচ হয় চার হাজার ২৫০ কোটি টাকা৷ এটিও গত বছরের খরচের তুলনায় ২১ শতাংশ বেশি৷
ব্র্যাক অ্যান্ড ব্র্যাক ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড ক্যাপাসিটির জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ্ বলেন, উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগগুলোকে সাফল্য এনে দিতে বেসরকারি খাতের আরও এগিয়ে আসা প্রয়োজন৷
আসিফ সালেহ্র সঞ্চালনায় অনুষ্ঠানে ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, প্রধান অর্থ কর্মকর্তা এস এন কৈরী, এন্টারপ্রাইজেসের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷