'ব্লগার হত্যার ঘটনা বাক্স্বাধীনতা সংকুচিত হওয়ারই সংকেত'
বাংলাদেশে সম্প্রতি তিনজন ব্লগার হত্যার ঘটনা দেশে মতপ্রকাশের স্বাধীনতার জায়গা সংকুচিত হওয়ারই সংকেত। জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ডেভিড কাই এবং বিচারবহির্ভূত হত্যাবিষয়ক র্যাপোর্টিয়ার ক্রিস্টফ হেইনস এই সতর্কবাণী দিয়েছেন।
ব্লগার অনন্ত বিজয় দাসকে গত মঙ্গলবার সিলেটে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে যথাক্রমে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢাকায় একইভাবে হত্যার শিকার হন দুই ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান।
এসব ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ডেভিড কাই বলেন, ‘এ ধরনের ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদেরও শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করা জরুরি।’ আর ক্রিস্টফ হেইনস উল্লেখ করেন, যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারে, তাদের কার্যকর সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।