‘বড় অইলে আব্বার মতো বড় বড় মাছ ধরমু’
‘আমি আব্বার লগে মাছ ধরা দেখতে আইছি। বড় অইলে আব্বার মতো বড় বড় মাছ ধরমু।’ বাবার সঙ্গে পলো বাওয়া উৎসব দেখতে এসে দারুণ উচ্ছ্বাসে কথাগুলো বলছিল নয় বছরের শিশু সুমন মিয়া। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামের পলো বাওয়া উৎসব দেখতে সুমনের মতো উচ্ছ্বাস নিয়ে অনেক শিশু উপস্থিত হয়। উৎসাহের কমতি ছিল না সেখানে উপস্থিত হওয়া বিভিন্ন বয়সী নারী-পুরুষেরও। পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য গ্রামবাসীর উদ্যোগে ওই পলো বাওয়া উৎসব পালন করা হয়। গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পলো বাওয়া উৎসব। ছেলে-বুড়ো মিলে চার শতাধিক গ্রামবাসী পলো বাওয়া উৎসবে যোগ দেন।এতে হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই দু-একটি করে মাছ শিকার করতে পেরেছেন। কেউ কেউ অবশ্য পাঁচ-ছয়টি পর্যন্ত মাছ শিকার করেন। পলো বাওয়া উৎসব সামনে রেখে যুক্তরাজ্য, কানাডা ও সৌদি আরব থেকে দেশে এসেছেন অনেক প্রবাসী। অনেকের বাড়িতে আশপাশের গ্রাম থেকে আত্মীয়স্বজনও এসেছেন। কানাডা-প্রবাসী ফয়ছাল আহমদ বলেন, ‘পলো বাওয়া উৎসব সামনে রেখেই ছুটি কাটাতে দেশে এসেছি।’ যুক্তরাজ্য-প্রবাসী চান মিয়া বলেন, ‘পলো বাওয়া উৎসব দারুণ আনন্দের। শত ব্যস্ততার মধ্যেও আমি প্রতিবছরই চেষ্টা করি এ উৎসবে যোগ দিতে।’ গ্রামের বাসিন্দা বৃদ্ধ আলকাছ আলী বলেন, ‘পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে আমরা প্রতি বছরের পয়লা মাঘ পলো বাওয়া উৎসব পালন করে আসছি। এ বছর কিছু সমস্যা ও তীব্র শীতের কারণে তারিখটা একটু পেছাল (বিলম্ব) হয়েছে।’ ব্যবসায়ী আবদুস সোবহান মোল্লা দাবি করেন, ‘প্রায় ২০০ বছর ধরে এ উৎসব পালন করে আসছি। আমরা এই ঐতিহ্য ধরে রাখব।’