‘সকলে মিলে আন্দোলন করায় এখন সড়ক একটু ভালা অইছে। কিন্তু পুলের (সেতু) অবস্থা দিন দিন আরও খারাপ অর (হচ্ছে)। পুলে গাড়ি উঠলে বুক দরফর করে। কোন সময় যে গাড়ি লইয়া ভাইঙ্গা পড়ে। আসল কথা অইল, বড় ধরনের অঘটন ঘটলে পরে তারার (কর্তৃপক্ষ) হুঁশ হইব। এর আগে না।’সুনামগঞ্জ-সিলেট সড়কের ঝুঁকিপূর্ণ সেতুগুলোর অবস্থা বলতে গিয়ে বাসচালক সাজনুর আলম (৪১) ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন। এ সড়কের ভাঙাচোরা সেতু নিয়ে ক্ষোভ শুধু সাজনুরের একার নয়—বাসমালিক, চালক, শ্রমিক ও যাত্রীদেরও।সুনামগঞ্জ-সিলেট সড়কের ১৪টি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ৪০ কিলোমিটারের মধ্যে এই সেতুগুলো অবস্থিত। এসব সরু ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। আর তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, এই সড়কের সুনামগঞ্জ অংশে ২০টি সেতু রয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ থেকে জাউয়াবাজার পর্যন্ত সেতু রয়েছে নয়টি। এই নয়টি সেতুর মধ্যে সব কটিই সরু ও ঝুঁকিপূর্ণ। জাউয়াবাজার থেকে পাগলাবাজার পর্যন্ত সেতু রয়েছে পাঁচটি। এই পাঁচটির মধ্যে মনবেগ সেতুটি বেশি ঝুঁকিপূর্ণ। কয়েক বছর আগে এর অর্ধেকটা ধসে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভেঙে যাওয়া কংক্রিটের সেতুর ওপর বেইলি সেতু বসিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু তাতে ঝুঁকি আরও বেড়েছে। পাগলাবাজার থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত সেতু আছে ছয়টি। এর মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ। ১৪টি ঝুঁকিপূর্ণ সেতু হলো: মল্লিকপুর, চেকনিকারা, জানিগাঁও, আহসানমারা, মনবেগ, জাউয়াবাজার, কৈতক, চেচান, রাউলি, সিংচাপইড়, পীরপুর, বোকারভাঙা, তকিপুর ও গোবিন্দগঞ্জ সেতু।সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ এসব সেতু খুবই সরু। এর কোনোটিতেই একসঙ্গে দুটি বাস পাশাপাশি যেতে পারে না। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সেতুটি শুধু ঝুঁকিপূর্ণই নয়, এটি সরু হওয়ায় এখানে দিনের বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকে। পীরপুর ও চেচান সেতুর দুই পাশের রেলিং প্রায় অর্ধেকটা ভেঙে গেছে। সেতুর ওপর থেকে উঠে গেছে কার্পেটিং ও পাথর। সরে গেছে সংযোগ সড়কের মাটি। কোনো কোনো সেতু দেবে গেছে। কয়েকটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। চেচনা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কে মাটি সরে গেছে। একই স্থানে রেলিং নেই। জানিগাঁও সেতুর একাংশ দেবে গেছে। মাঝখানে দেখা দিয়েছে ফাটল। একই অবস্থা চেকনিকারা ও মল্লিকপুর সেতুর। এই সড়কে নিয়মিত যাতায়াত করেন ব্যবসায়ী চৌধুরী আর এইচ শাহীন। তিনি বলেন, ‘১০ বছর ধরে শুনছি, নতুন করে সেতু নির্মাণ করা হবে। কিন্তু বাস্তবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’ ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী বলেন, ‘এখন যে অবস্থা যে কোনো সময় যে কোনো সেতুতেই দুর্ঘটনা ঘটতে পারে।’সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন বলেন, ‘আমরা সব সরকারের কাছেই সুনামগঞ্জ-সিলেট সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু আশানুরূপ কাজ হয়নি।’ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর কারণে এ সড়কে ভালো মানের বাস নামাতে কেউ সাহস পায় না। যত দিন নতুন সেতু না হবে, তত দিন সুনামগঞ্জবাসীকে এই দুর্ভোগ সহ্য করতেই হবে।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জাপানিজ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিজের (জাইকা) একটি প্রকল্পের মাধ্যমে এই সেতুগুলো পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে। দরপত্র গ্রহণ করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। এই প্রক্রিয়া শেষ হলে কাজ শুরু হবে বলে শুনেছি।’