জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী শোভা কর। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ৩০ এপ্রিল পাকিস্তানি সেনারা তাঁর বড় ভাইকে ধরে নিয়ে যাওয়ার সময় আজহারুল ইসলাম সেনাদের সঙ্গে ছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শোভা করের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। এ সময় আসামির কাঠগড়ায় আজহারুল ইসলাম হাজির ছিলেন।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তাঁর পৈতৃক বাড়ি পিরোজপুরের নন্দীপাড়া গ্রামে। বর্তমানে তিনি কলকাতার ঠাকুরপুকুরে থাকেন। একাত্তরে তিনি রংপুর কারমাইকেল কলেজে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তাঁর বড় ভাই চিত্তরঞ্জন রায় ছিলেন কারমাইকেল কলেজের গণিতের শিক্ষক। তিনি ভাইয়ের সঙ্গে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের কোয়ার্টারে থাকতেন।
শোভা কর বলেন, একাত্তরের ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে তিনি ঘরে পড়ছিলেন, সঙ্গে ছিলেন বউদির (চিত্তরঞ্জনের স্ত্রী) বোন কাননবালা। ঘরের দক্ষিণ দিকের দুটি জানালাই খোলা ছিল। হঠাৎ তিনি পাশের বাসায় অর্থনীতির শিক্ষক জলিল সাহেবের ঘরের দরজায় ধাক্কার শব্দ শোনেন। জলিল সাহেবের স্বজন শুকুর মিয়া দরজা খুলে দিলে পাঁচ-ছয়জন পাকিস্তানি সেনা ঘরে ঢোকে। সেখান থেকে পাকিস্তানি সেনারা মুলিবাঁশের বেড়া ডিঙ্গিয়ে তাঁদের (সাক্ষীর) বাসায় আসে। পাকিস্তানি সেনারা তাঁকে ও কাননবালাকে লাইনে দাঁড় করিয়ে পাশের ঘরে যায়। ওই ঘর থেকে তাঁর ছোট ভাই নিত্যরঞ্জনকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসে। বড় ভাইকে এনে দাঁড় করিয়ে চোখ ও হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। একজন পাকিস্তানি সেনা তাঁর (সাক্ষী) কানের স্বর্ণের দুলজোড়া ছিনিয়ে নেয়। আরেকজন সেনা বড় ভাইয়ের নাম জিজ্ঞাসা করে। কিন্তু হতভম্ব হয়ে
যাওয়ায় তিনি কথা বলতে পারেননি। পরে পাকিস্তানি সেনারা বড় ভাইকে ধাক্কাতে ধাক্কাতে ঘরের বাইরে নিয়ে যায়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ‘আমি দৌড়ে জানালার কাছে গিয়ে দেখি, সেখানে শুধু পাকিস্তানি মিলিটারি নয়, সাধারণ পোশাকে কয়েকজন বাঙালিও আছেন। তাঁদের মধ্যে আমাদের কলেজের ইসলামী ছাত্র সংগঠনের নেতা আজহারুলকেও দাঁড়িয়ে থাকতে দেখি। সে আমাদের সঙ্গে পড়ত। আমাদের বাসার গেটে সব সময় আলো থাকে, সেই আলোতে তাঁকে দেখতে পাই। তারপর আমার দাদাকে গাড়িতে করে নিয়ে যায়।’ তিনি বলেন, পরে তিনি বড় ভাইয়ের ছাত্র সালাউদ্দিনের কাছে শুনেছেন, রংপুরের দমদমা সেতুর কাছে আরও কয়েকজন শিক্ষকের সঙ্গে তাঁর ভাই চিত্তরঞ্জনকেও হত্যা করা হয়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরার জন্য ১০ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।