‘১২ বছর ধরে মোটরসাইকেল নিয়ে কলেজে যাতায়াত করে। আমিও আমার স্কুল পর্যন্ত ওর সঙ্গে যেতাম। আগে ছোট মোটরসাইকেল ছিল। বসতে কষ্ট হতো বলে কদিন আগে বড় মোটরসাইকেল কেনে। এটাই ওর জানের কাল হবে, ধারণাও করতে পারিনি।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন নাটোরের লালপুরে ছিনতাইকারীদের গুলিতে নিহত কলেজশিক্ষক মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
লালপুর উপজেলায় লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি পুলিশ বক্সের কাছে গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফকে (৩৮) গুলি করে হত্যার পর তাঁর মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজশাহীর বাঘা উপজেলার পিরগাছা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, নিহত শিক্ষকের বাড়িতে শোকার্ত আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর ভিড়। ময়নাতদন্ত শেষে বেলা পৌনে একটার দিকে শিক্ষকের লাশ বাড়িতে পৌঁছায়।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় পিরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন আয়েশা। প্রায় প্রতিদিনই তিনি স্ত্রীকে স্কুলে পৌঁছে দিয়ে কলেজে যেতেন। ছয় বছর বয়সী ছেলে আর দেড় বছরের মেয়েকে নিয়ে ছিল তাঁদের সংসার। মোশাররফ আগে একটি ১০০ সিসির মোটরসাইকেল চালাতেন। মাস দেড়েক আগে তিনি ১২৫ সিসির একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন।
নিহত শিক্ষকের বাবা মোহাম্মদ আলী বলেন, ‘সকালে আমার ভালো ছেলে বাড়ি থেকে গেল। এখন কেন আমি ছেলের লাশ দেখব?’ মামা আমিনুল ইসলাম (কলেজশিক্ষক) বলেন, মোটরসাইকেলের জন্যই তাঁর ভাগনের প্রাণ গেছে। তাঁরা ছিনতাইয়ের ঘটনা ছাড়া এ হত্যার আর কোনো কারণ দেখতে পাচ্ছেন না।
বেলা তিনটার দিকে পিরগাছা ঈদগাহ মাঠে জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে মোশাররফকে দাফন করা হয়।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ গতকাল বলেন, নিহত শিক্ষকের লাশ দাফন নিয়ে স্বজনেরা ব্যস্ত থাকায় এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তিনি আরও বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বাইরের সংঘবদ্ধ চক্র ছিনতাই করতে গিয়ে শিক্ষককে হত্যা করেছে। স্থানীয় কিছু লোকও যুক্ত থাকতে পারে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি, ঘটনার সময় ঘাতকেরা একটি মোটরসাইকেলের ওপর ছিল। তারা তিনজন ছিল।’