'বড় স্বপ্ন দেখতে হবে তরুণদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫’ উদ্বোধন করছেন অতিথিরা। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে তোলা l ছবি: প্রথম আলো
বেলুন উড়িয়ে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫’ উদ্বোধন করছেন অতিথিরা। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে তোলা l ছবি: প্রথম আলো

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে শুরু হয়েছে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫’। সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।
চতুর্থবারের মতো বন্দরনগরে কনফিডেন্স সিমেন্ট ও প্রথম আলোর যৌথ আয়োজনে বসেছে এই উৎসবের আসর।
বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মী হাসিনা জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক এবং বিক্রয় ও বিপণন-প্রধান জহির উদ্দিন আহমেদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
হাসিনা জাকারিয়া বলেন, শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেদের গুটিয়ে না রেখে তরুণদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে। মুখস্থবিদ্যা পরীক্ষায় ভালো ফল দিতে পারে। কিন্তু জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান-বিজ্ঞান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে হবে।
জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’
বিশ্বজিৎ চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের হাত ধরে। এই তরুণেরাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রথম আলো এই সৃজনশীল কর্মমুখর তরুণদের পাশে থাকতে চায়।
উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা।
উদ্বোধন শেষে শুরু হয় যুক্তির লড়াই। চট্টগ্রামের ১২টি বিদ্যালয় ও ১২টি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই লড়াই। বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে ফাইনালে উত্তীর্ণ হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় এবং ইস্পাহানী পাবলিক স্কুল। মহাবিদ্যালয় পর্যায়ে হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ ফাইনালে ওঠে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় এই দলগুলোর অংশগ্রহণে বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ের বিতর্কের চূড়ান্ত পর্বের আসর বসবে শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
আজ বুধবার বেলা তিনটা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমরাই বাংলাদেশ’ বিষয়ের ওপর নিজেদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। এখান থেকে বাছাই করা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন।