‘সামান্য বৃষ্টি হলেই ঘরের চালা দিয়ে পানি পড়ে। এ জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে রাতে বৃষ্টি না হয়। ঘুমাতে না পারলে কাজে যেতে পারব না, আর কাজে যেতে না পারলে খাওয়াও হবে না।’
গত বৃহস্পতিবার শণ ও গাছের পাতার ছাউনির ছোট্ট ঝুপড়িঘরে দাঁড়িয়ে চট্টগ্রাম অঞ্চলের ভাঙা ভাঙা বাংলায় কথাগুলো বলেন চাক আদিবাসী নারী আংগা প্রু।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক হেডম্যানপাড়া, মধ্যম ও উপর চাকপাড়াসহ কয়েকটি স্থানে আশ্রয় নেওয়া চাক আদিবাসী ২১টি পরিবারের সবারই আংগা প্রু চাকের মতো একই অবস্থা। ভূমিদস্যুদের লাগিয়ে দেওয়া ডাকাত দলের আক্রমণে টিকতে না পেরে উপজেলার বাইশারি ইউনিয়নে দুর্গম বাদুরঝিড়িপাড়া থেকে তারা প্রায় দুই মাস আগে উচ্ছেদ হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ হওয়া চাক আদিবাসী পরিবার ছোট ছোট ঝুপড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। মধ্যম চাকপাড়ার প্রাথমিক শিক্ষক ধুংসাই চাক বলেন, পাড়াগুলোতে আগের মতো খোলামেলা ও পর্যাপ্ত জায়গা না থাকায় উচ্ছেদ হওয়া পরিবারগুলো পাড়ায় ঘরবাড়ি করতে পারছে না। শৈমাউ ও উসামে চাক বলেন, ছোট ঝুপড়িতে বৃষ্টি হলে পানি পড়ে। সামান্য ঝোড়ো হাওয়া হলে ভেতরে পানিতে ভরে যায়। এ অবস্থায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করছে।
বাদুরঝিরিপাড়াটি কেন উচ্ছেদ হয়েছে, তা তদন্তের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর খান মানুষশূন্য ওই পাড়ায় গিয়ে বলেন, ডাকাতি ও ভূমি দখলের কারণে চাকরা উচ্ছেদ হয়েছে। যারা হাজার হাজার একর জমিতে বাগান করছে, তারা সবাই অবৈধ দখলদার। দখলদারেরা নিজেরাও অবৈধ জমি দখলের কথা তার কাছে স্বীকার করেছে বলে আলমগীর খান জানিয়েছেন।