অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মিত হচ্ছে কি না, তা যাচাই করার সক্ষমতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নেই বলে জানালেন সংস্থাটির প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) রায়হানুল ফেরদৌস। তিনি বলেছেন, এ সমস্যার কথা নীতিনির্ধারকেরা জানেন। তবে গত ১০ থেকে ১৫ বছরে এর কোনো সমাধান হয়নি।
আজ শনিবার প্রথম আলো ও ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘দেশের নির্মাণশিল্পের সমস্যা ও প্রতিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি নজরুল ইসলাম বলেন, দেশে ভবন নির্মাণসংক্রান্ত নীতিমালা, আইনকানুনের কোনো ঘাটতি নেই। এসব নিয়ম মানতে পারলে, মানাতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আইনের প্রয়োগে ভয়াবহ ঘাটতি আছে।
মাঠ পরিদর্শকেরা শুধু ভবন নির্মাণে কতটুকু খালি জায়গা রাখা হয়েছে, তা দেখেন বলে উল্লেখ করে রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস বলেন, কাঠামোগত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কি না, ভালো উপকরণ ব্যবহার করা হচ্ছে কি না, মাঠপর্যায়ে এসব দেখার জন্য সক্ষমতা রাজউকের তৈরি হয়নি। খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে তা মনে হয় না।
রায়হানুল ফেরদৌস বলেন, ‘আমরা আসলে বিষয়গুলো ভাসা ভাসাভাবে দেখি। গভীরভাবে দেখা সম্ভব হয় না।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুয়ের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মেহেদি হাসান আনসারি, ইশরাত ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, ক্রাউন সিমেন্টের উপদেষ্টা প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরী, কাঠামো প্রকৌশলী আলী আকিবর মল্লিক, শেলটেকের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আরিফুল ইসলাম বক্তব্য দেন।