সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণে নিরাপত্তা’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বিজয় শংকর বড়ুয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রধান প্রকৌশলী এম আলী আশরাফ। সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীসহ চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আলী আশরাফ প্রবন্ধে উল্লেখ করেন, ভবনের নকশা প্রণয়ন সঠিক হলে ঝুঁকি অনেকাংশে কমানো যায়। ইদানীং ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে ভূমিকম্প ঝুঁকিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভূমিকম্প ঝুঁকি ছাড়াও আরও অনেক বিষয় আছে, সেগুলো নিশ্চিত করা না গেলে ভবনে বসবাসকারীরা কখনো নিরাপদ থাকতে পারবে না। ঘরবাড়ির আগুনসংক্রান্ত ঝুঁকি এগুলোর মধ্যে অন্যতম।
তিনি আরও উল্লেখ করেন, একটি ভবন ভূমিকম্প–ঝুঁকির মজবুতকরণ করা হলেও এটা কি হঠাৎ বৃষ্টিজনিত বন্যা নিয়ন্ত্রণে সক্ষম হবে? এ রকম হঠাৎ বৃষ্টিতে ঢাকার অনেক ভবনের বেসমেন্ট পানিতে ভর্তি হয়ে গিয়েছিল। ফলে অনেক দামি গাড়ি নষ্ট হয়। নকশা প্রণয়নের সময় এসব বিষয়ের ওপর নজর দিলে জানমালের ক্ষতি আরও কমিয়ে আনা সম্ভব। বিজ্ঞপ্তি।