মিয়ানমারের বিভিন্ন কারখানায় উৎপাদিত ইয়াবা কক্সবাজার দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইয়াবাসহ কিছু ব্যক্তিকে আটক করলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে ইয়াবা চোরাচালান বন্ধ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের এক হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ ও শিক্ষা) নাজমুল আহসান মজুমদার বলেন, মিয়ানমারের ৩৭টি কারখানায় উৎপাদিত কোটি কোটি ইয়াবা কক্সবাজার সীমান্ত দিয়ে এসে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে। ইয়াবা উৎপাদন বন্ধে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের ধরতে শিগগিরই অভিযান চালানো হবে।
নাজমুল আহসান মজুমদার আরও বলেন, এই সভায় উত্থাপিত নানা সুপারিশ প্রতিবেদন আকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি ইয়াবা চোরাচালানিদের ধরতে টাস্কফোর্স গঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক খাজা আহমদ মিয়াজী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী।
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান—দেশের যুবসমাজকে বাঁচান’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আবু মোর্শেদ চৌধুরী বলেন, ইয়াবা চোরাচালানের মূল হোতারা ধরা পড়ছে না। ইয়াবা ব্যবসায়ীদের অনেকে রাতারাতি বাড়ি-গাড়ির মালিক হলেও এনবিআর তাঁদের খুঁজে পায় না। তিনি বলেন, ‘অবৈধ অর্থের উৎস সম্পর্কে জবাবদিহি নেই বলে ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ হচ্ছে না। আমরা কক্সবাজারকে ইয়াবামুক্ত দেখতে চাই।’
আইনজীবী আবদুল শুক্কুর বলেন, মিয়ানমারে ইয়াবা উৎপাদন হলেও সেখানকার কেউ ইয়াবা খায় না। কিন্তু বাংলাদেশের অনেকে ইয়াবা আসক্ত।
মাদকাসক্ত নিরাময়কেন্দ্র নোঙর-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম বলেন, এই জেলায় মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে ইয়াবা আসক্ত ৬০ হাজার। ইয়াবার দাম দ্রুত কমে যাওয়ায় আসক্তের সংখ্যাও বাড়ছে।