‘ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান’
বাংলাদেশ ইতিহাস সমিতির তিন দিনব্যাপী ষোড়শ দ্বিবার্ষিক জাতীয় সম্মেলন গতকাল বৃহস্পতিবার বগুড়ায় শুরু হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতের দেড় শতাধিক ইতিহাসবিদ ও গবেষক অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ইতিহাসবিদ ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ ইতিহাস সমিতির উদ্যোগে ঢাকার বাইরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১ মে পর্যন্ত এই সম্মেলন চলবে। বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অধ্যায় স্বাধীনতা। এর মূল নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে আমাদের মুক্তিযুদ্ধের কথা, সংগ্রামের কথা। কী জন্য দেশ স্বাধীন করা হয়েছে তার কথা। আমরা যদি ভবিষ্যত্ প্রজন্মকে সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত করি, তবে সে নিজের দেশ বা জাতিকে সঠিক মূল্যায়ন করতে পারবে না।’শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কতটা অভাগা জাতি যে শিক্ষকের মর্যাদা আমরা না রাষ্ট্রীয়ভাবে, না সামাজিকভাবে দিতে পারি। তাই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল, বেশি বেতন, মর্যাদা ও সম্মান দিতে হবে। তবেই সম্ভব আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা।’