
‘জীবনে শুধু হাত–পা গুটিয়ে বসে থাকলেই হবে না। ভবিষ্যৎ সুন্দর করতে এখনই উদ্যোগী হতে হবে।’ চট্টগ্রামের তরুণদের সঙ্গে আড্ডায় এমনটাই বলছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আদনান মান্নান।
৮ জানুয়ারি ফুলকি মিলনায়তনে বসে এই আড্ডার আসর। ‘অ্যান আওয়ার উইথ আদনান মান্নান’ শিরোনামে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এই আড্ডায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক মাসুদ রানা, হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ জালাল আহমেদ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজল চৌধুরী, প্রাক্তন বিতার্কিক শুভাশিষ চক্রবর্তী, তরুণ গবেষক রাসেল দাশ প্রমুখ।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে আড্ডায় আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া নূপুর, প্রাক্তন সভাপতি কসশাফুল হক, যুগ্ম সম্পাদক তাফহিম হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবের শাহ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, বিতর্ক সম্পাদক কাজী আরফাত প্রমুখ।
আড্ডার পুরো সময়টাতে আদনান মান্নান শোনান তাঁর ওঠার গল্প। এতে উত্থান-পতন, প্রবাসজীবন ও গবেষণা—সবই সবিস্তারে বলেন তিনি। একজন মানুষ কীভাবে জীবনে অনুপ্রাণিত হতে পারে, কীভাবে ইচ্ছাশক্তির জোরে সব বাধা অতিক্রম করতে পারে, তাঁর কথায় বারবার প্রতিফলিত হচ্ছিল।
আদনান মান্নান বলেন, ‘ভালো লাগা ও ভালোবাসার জায়গাটি সব সময় একত্রেই থাকা উচিত। ইচ্ছা ও আকাঙ্ক্ষার যদি সম্মিলন ঘটে তাহলে জীবনের সার্থকতা সেখানেই।’
বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তরুণেরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। নতুন নতুন ক্ষেত্রে তরুণেরা তাঁদের প্রতিভার ছাপ রাখবেন।’
প্রাণবন্ত এই আড্ডা আরও জমজমাট হয়ে ওঠে আদনান মান্নানের কবিতা আবৃত্তি ও শুভাশিষ চক্রবর্তীর কণ্ঠে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
উপস্থিত সবার কিছু প্রশ্নের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক উত্তর দেন আদনান মান্নান।