'ভয়ে ভয়ে থাকতাম কখন মেরে ফেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে মুক্ত হেলাল উদ্দিন গত সোমবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। পরে তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের বাড়িতে যান। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আনন্দে স্বজনদের জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেন।
হেলাল গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘গত ৬ মার্চ দুপুরে লিবিয়ার আলগাজি শহরে বাসা থেকে কয়েকজন মুখোশধারী আনোয়ার হোসেন নামের আরেক বাংলাদেশি ও আমাকেসহ বিভিন্ন দেশের নয়জন মুসলিম ও ছয়জন খ্রিষ্টানকে অপহরণ করে। সেখান থেকে আমিসহ তিনজনকে আলাদা করে নির্জন স্থানে একটি নতুন একতলা ভবনে তালাবদ্ধ করে রাখা হয়। আমাদের বলা হয়, তোমরা মুসলিম, তোমাদের হত্যা করা হবে না। ছেড়ে দেওয়া হবে। এর পরও ভয়ে ভয়ে থাকতাম। কখন মেরে ফেলে।’
হেলাল (৫৫) আরও বলেন, ‘জঙ্গিরা কোনো দিন এক বেলা, আবার কোনো কোনো দিন দুই বেলা শুধু নুডলস ও খেঁজুর দিত। পাঁচ দিন পর মরুভূমি এলাকায় জঙ্গলে গাছের নিচে বালুর গর্ত করে আমাদের লুকিয়ে রাখে। জয়তুনের তেল মিশিয়ে ছাতু দিত। খাওয়ার পানিতে কেরোসিন মিশিয়ে দিত। তবে শারীরিক নির্যাতন করত না। জঙ্গিরা বলত, মুসলিমদের কোনো ভয় নেই। তবে অন্য ধর্মের লোকদের গলা কেটে হত্যা করা হবে। তাদের জন্য গুলি খরচ করা হবে না।’
প্রায় ১৮ দিন পর জঙ্গিরা হেলাল ও আনোয়ারকে চিরত শহরের একটি মাদ্রাসার সামনে রেখে যায়। সেখানে ওই মাদ্রাসার একজন ছাত্রের মুঠোফোন থেকে কোম্পানির লোক ও এক বন্ধুর সঙ্গে কথা বলেন তাঁরা। ঘণ্টা খানেক পর লিবিয়ার সেনাসদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে কোম্পানির সহযোগিতায় আনোয়ার ও তিনি একই বিমানে সোমবার দেশে ফিরে আসেন।
হেলালের স্ত্রী আলেয়া বেগম বলেন, তাঁর স্বামী ২০০৫ সালের জুলাইয়ে লিবিয়া যান। সেখানে পাঁচ বছর থাকার পর তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি কাটানোর পর গত জুন মাসে আবারও লিবিয়াতে যান। তাঁকে জঙ্গিরা অপহরণ করেছে, এমন খবর শোনার পর পরিবারের সবার খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়। হেলাল ফিরে আসায় তাঁদের মনে স্বস্তি ফিরে এসেছে।