'ভাই এখানে পানি দেন, আমার সব শেষ'

রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে লাগা আগুন এখনো নেভেনি। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত দোকান।
এই মার্কেটের কাঁচাবাজারে দুটি দোকান ছিল রহিমা নামের এক নারীর। আগুনে তাঁর দুটি দোকানই পুড়ছে। হাহাকার করে কাঁদছেন আর ফায়ার সার্ভিসের কর্মীদের বলছেন, ‘ভাই, এখানে পানি দেন, এখানে আমার দোকান পুড়ছে। এই যে আগুন জ্বলছে। আমার সব শেষ।’
চোখের সামনেই পুড়ছে রহিমার দোকান। কিছুই করতে না পেরে হাহাকার করছেন তিনি। যখন তাঁর নাম জানতে চাওয়া হলো, কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে শুধু ‘রহিমা’ বলে জানালেন। কিছু বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। শুধু বললেন, লাখ লাখ টাকা শেষ। সব শেষ।

রহিমার মতো আরও অনেক দোকানমালিক ও কর্মচারী রয়েছেন এখানে। সবাই চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মালামাল সরাতে। আগুন লাগার খবর পেয়ে রাতেই তাঁরা এখানে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। কী অবস্থা দোকানের, জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার একপর্যায়ে মার্কেটের কাঁচাবাজার অংশের ভবন ধসে পড়ে। এরপর একাধিকবার ধসের ঘটনা ঘটে।