'ভাই, লাইনে দাঁড়িয়েছি আমরা, ছবি তোলেন'
কোনো অঘটন ছাড়াই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নির্বাচন শেষ হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হলেও সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টিতে ৯৭ হাজার ১৯৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার তপন চক্রবর্ত্তী পেয়েছেন এক হাজার ৯০৯ ভোট। বিএনএফের নারায়ণ রক্ষিত পেয়েছেন ৮৫৯ ভোট। গত বছর ১৭ জানুয়ারির উপনির্বাচনে ভোটের হার ছিল ৫১ দশমিক শূন্য ৪ শতাংশ।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ জুইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুরুস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী এস এম আউলিয়া প্রাথমিক বিদ্যালয় ও বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। ওই কেন্দ্রগুলোয় সংবাদকর্মীরা যাওয়ার পর সেখানে ভোটারদের লাইনে দাঁড় করিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় ভোটাররা ছবি তুলতে অনুরোধ জানিয়ে বলেন, ‘ভাই, লাইনে দাঁড়িয়েছি আমরা, ছবি তোলেন।’
প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ বিন জাফর বলেন, এ কেন্দ্রে দুই হাজার ৫৮৩টি ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত পড়েছে ৬৪২টি ভোট। এদিকে আনোয়ারার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রেই জাপা ও বিএনএফের কোনো এজেন্টকে পাওয়া যায়নি। সেখানে শুধুই নৌকার এজেন্ট ছিলেন।