‘ভাইজান আমারে বাঁচান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাইজান, আমারে এইখান থেকে নিয়ে যান। আমারে বাঁচান!’—এভাবেই ভয়ার্ত কণ্ঠে বাঁচার আর্তি জানাচ্ছিলেন গৃহপরিচারিকা মরিয়ম বেগম। গতকাল শুক্রবার চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং কলোনির ২ নম্বর গলির ২৭ নম্বর বাসা থেকে পুলিশ যখন তাঁকে উদ্ধার করে, তখন তাঁর সারা শরীরে দেখা যাচ্ছিল অমানুষিক নির্যাতনের চিহ্ন।মরিয়মের গলা থেকে মুখমণ্ডলের সব জায়গায় নতুন-পুরোনো অসংখ্য খামচির ক্ষত। হাতে খুন্তির ছ্যাঁকায় পুড়ে যাওয়া ঘা। ওই হাত প্রায় অবশ হয়ে গেছে। মরিয়ম বলেছেন, গৃহকর্ত্রী খালেদা আকতার আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করে তাঁর এ অবস্থা করেছেন। পুলিশ তাঁকে হাসপাতালে পাঠিয়েছে। খালেদা আকতার পলাতক। মরিয়ম জানান, মরিয়ম লক্ষ্মীপুর জেলার বাসিন্দা, স্বামী পরিত্যক্ত। ছয় বছর আগে তিনি খালেদা আকতারের বাসায় কাজ শুরু করেন। প্রথম দিকে মাঝে মধ্যে নির্যাতন করা হলেও সমপ্রতি তা প্রতিদিনকার বিষয়ে পরিণত হয়। প্রতিদিনই তাঁকে নানাভাবে নির্যাতন করা হতো। গত বুধবার তাঁকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মরিয়মের ওপর নির্যাতন চালানোর সময় তাঁর চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরাও বিরক্ত হয়ে পড়েন। একজন প্রতিবেশী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ‘মরিয়মের ওপর অমানবিক নির্যাতন হয়েছে। তাঁকে আগুনের ছ্যাঁকা ছাড়াও তাঁর হাতের কবজি অনেকটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা ওই গৃহকর্ত্রীকে আটকের চেষ্টা করছি। আমরা মরিয়মের আত্মীয়স্বজনকে খবর দিয়েছি। তাঁরা এলে মামলা হবে।’ গতকাল যখন পুলিশ ওই বাসায় যায়, খালেদা আকতার বাসায় ছিলেন না। বাসায় তাঁর দুই মেয়েও ছিলেন। এ সময় বড় মেয়ে মুনতাহিনা ফারুক বলেন, ‘আমি বেশির ভাগ সময় হোস্টেলে থাকি। বাসায় থাকে আমার মা ও বোন।’ পুলিশ তাঁর মেয়ের ফোন থেকে তাঁকে বাসায় আসতে বললেও তিনি আসেননি।