'ভাওয়াইয়া গান দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেছেন, দেশের সংগীতচর্চার একটি বিশেষ ধারা ভাওয়াইয়া। শুধু রংপুর অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রেখে মাটি ও মানুষের হৃদয়স্পর্শী ভাওয়াইয়া গানের সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার সম্ভব নয়। এ জন্য ভাওয়াইয়া সংগীতকে দেশের সব অঞ্চলের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে সরকারকে।
গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে ‘ভাওয়াইয়া গানের সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার কর্মসূচি’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী এসব কথা বলেন।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক আরও বলেন, আকাশ-সংস্কৃতির আগ্রাসন ও মৌলবাদীদের জঙ্গি তৎপরতা থেকে মুক্তি পেতে লোকজ সংস্কৃতির বিকাশ ও প্রসারে শিল্পীসমাজকে অতীতের মতো সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। ১৭ জানুয়ারি ঢাকায় গোলটেবিল বৈঠক করা হবে। এ ছাড়া ২৪ জানুয়ারি তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আয়োজনে ভাওয়াইয়া সংগীত ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণসহ ঢাকা ও রংপুর অঞ্চলে দুই দিনব্যাপী জাতীয় ভাওয়াইয়া উৎসব করার পরিকল্পনা রয়েছে।
শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাওয়াইয়া গবেষক জেসমিন বুল। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক বিপ্লব প্রসাদ।
এ ছাড়া গোলটেবিল বৈঠকে রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, ভাওয়াইয়া গবেষক সিরাজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, গাইবান্ধার জহুরুল কাইয়ুম, দিনাজপুরের মাসুদুল হক, রংপুরের আনওয়ারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।