'ভাগ, ভোট দিতি হবি না নে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর-দূরান্ত থেকে ভোট দিতে আসা নারী-পুরুষ ভোটারদের তাড়ানোর চেষ্টা করছে একদল তরুণ। চিত্কার করে বলছে, ‘ভাগ, ভোট দিতি হবি না নে।’

এই হুংকার অগ্রাহ্য করে দু-একজন ভোটকেন্দ্রে ঢুকে পড়লেন। অন্যরা তরুণদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের শেয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়। ভোটকেন্দ্রের সামনে ভোট দেওয়ার অপেক্ষায় সারিবদ্ধ রয়েছেন  শ দেড়েক নারী ভোটার। কেন্দ্রের বাইরে তখন অর্ধশত তরুণের জটলা। হট্টগোল আর চিত্কার।

তরুণদের সবাই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুর কর্মী-সমর্থক বলে জানা গেছে।

বাগবিতণ্ডার একপর্যায়ে বাবুর সমর্থকেরা নারী ভোটারদের দিকে তেড়ে গেলেন। অগত্যা নারী ভোটারেরা পিছু হটলেন এবং তাঁদের কেন্দ্রছাড়া করা হলো। কেন্দ্রটিতে প্রায় ৩০ মিনিট অবস্থান করে প্রতিবেদকেরা এই দৃশ্য দেখতে পান।

ঘটনার সময় কেন্দ্রের পাশেই বিজিবির সদস্যরা থাকলেও তাঁরা ছিলেন নীরব দর্শক। আর ভোটারদের সারির পাশে তিনজন পুলিশকে নীরব বসে থাকতে দেখা যায়। ভোটারদের কেন্দ্রছাড়া করার পর ওই তরুণদের বিজিবির সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সাংবাদিক পরিচয় জেনে বাবুর দুজন কর্মী এই প্রতিবেদকদের বলেন, ‘তাড়াতাড়ি ভাগেন। আপনাদের জন্য আমাদের দেরি হছছে। আমাদের কাজ আছে।’

এই কেন্দ্রে আড়াই হাজার ভোটারের মধ্যে এক হাজার ২০০ জন নারী ও এক হাজার ৩০০ জন পুরুষ।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) ৩০০ ভোট পড়েছে। অধিকাংশই নারী ভোট। ভোটকেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

সাগরদাঁড়ি ইউনিয়নের শেয়ালডাঙ্গা কেন্দ্রটি জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রে কোনো ভোটই পড়েনি।