‘ভাঙতে ভাঙতে নদী ঘরের কিনারোত’
‘গত বছর নদীর ভাঙন থাকি বাড়িঘর সরেয়ে আনার পরও রেহাই নাই। ভাঙতে ভাঙতে ফির ঘরের কিনারোত আসি গেইছে নদী। নদীর ভাঙন থাকি শুধু থাকার ঘরকোনা রক্ষায় এই বয়সোত আর কত টানাটানি করোও।’ কথাগুলো রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ধামুর এলাকার আমজাদ হোসেনের।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী-তীরবর্তী গ্রাম ধামুর ও গান্নার পাড় এলাকায় গত বছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে এক হাজার ২০০ ফুট দীর্ঘ মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গত বছর এক হাজার ফুটের কাজ হয়। কিন্তু ওই বছরই বন্যার পানির চাপে নতুন বাঁধের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন ভাঙতে ভাঙতে নদী ভেতরের দিকে চলে এসেছে। গত কয়েক দিনে ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। তাই ওই এলাকার আমজাদ হোসেনের মতো অনেকেই এখন বসতঘর সরিয়ে নেওয়ার চিন্তা করছেন। ইতিমধ্যে কয়েকটি পরিবার তাদের ঘর ও মালামাল সরিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সেরাজুল ইসলাম বলেন, ‘নদী তো হামার জীবনটা ওলটপালট করি দিলে। খালি বছরের পর বছর ধরি বাড়ি সরা লাগে।’ শরিফুল ইসলাম বলেন, ‘হামার কোনো ঘরবাড়ি নাই। তবে একসময় ছিল। এলা নদী যখন ঘরের কিনারোত আসি গেইছে, তখন ঘর ভাঙিয়া অন্য যাওয়াতো লাগবে।’ গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, নদীর ভাঙন রোধে বছরের পর বছর শুধু বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু সেই বাঁধ ভাঙন ঠেকাতে পারে না। তাই এই এলাকায় বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।পাউবোর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ভাঙন ঠেকাতে ধামুর ও গান্নার পাড় এলাকার ২০০ ফুট অংশে মাটির বাঁধ নির্মাণের কাজ চলছে। নদীর গতিপথ পরিবর্তন করায় ওই এলাকায় বাঁধ নির্মাণ করলেও তা ঠেকানো সম্ভব হচ্ছে না। ওই এলাকায় পুনরায় বাঁধ নির্মাণের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হবে।