'ভাঙন থেকে রক্ষা করুন'

‘তেঁতুলিয়ার ভাঙন থেকে আমাদের রক্ষা করুন’ দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। নদীর তীরের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী হাজারো মানুষ এ মানববন্ধন করেন।
কর্মসূচিতে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা, কচুয়া, ধানদী ও নিমদী গ্রামের শিশু, নারী-পুরুষ ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তিন হাজার মানুষ এতে অংশ নেয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ খান, আমির হোসেন ব্যাপারী প্রমুখ।
বক্তারা বলেন, এখন নদী ভাঙার কথা না। এরপরও অসময়ে ভাঙছে তেঁতুলিয়া নদীর পাড়। এতে বড় ডালিমা, কচুয়া, ধানদী ও নিমদী এই চার গ্রামের ১০ একর ফসলি জমিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে গত চার-পাঁচ বছরে হাজার পরিবার সব হারিয়ে অন্য এলাকায় গিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে হুমকির মুখে রয়েছে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ধানদী ফাজিল মাদ্রাসা।
মানববন্ধনে অংশ নিতে আসা অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় মো. দুলাল আহম্মেদ মৃধা বলেন, ‘ভাঙন থেকে আমাদের বাঁচান, আমরা সবার সঙ্গে একত্রে থাকতে চাই।’
নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মান্নান বলেন, চারবার স্থান পরিবর্তন করে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনর্নির্মাণ করা হয়েছে। এখন আবার ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টি। নদী থেকে মাত্র ২০–২৫ ফুটে দূরে বিদ্যালয়টির অবস্থান। তিনি এই ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।