‘ভাঙ্গে যাবার ভয়ে মুই এই রাস্তা দেহেনে গাড়ি বহু না’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটি-ভাবনাগঞ্জ রাস্তার কুঠিআম থেকে কোষা-ভবানীপুর পর্যন্ত দুই কিলোমিটার অংশ ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ফলে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ৩০ হাজারের বেশি মানুষ দেড় বছর ধরে এ রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সৈয়দপুরের গাড়োয়ান তসলিমউদ্দিন বলেন, ‘গাড়ি ভাঙ্গে যাবার ভয়ে মুই এই রাস্তা দেহেনে গরু গাড়ি বহু না।’ রামদেবপুর গ্রামের ভ্যানচালক আব্বাস আলী বলেন, ‘এইডা রাস্তা কহা যাবেনি—মনে হচে ডিঘি পুকুরের পার।’পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে উপজেলার নাকাটি-কোষাবন্দর-ভাবনাগঞ্জ রাস্তায় টাঙ্গন নদীর ওপর প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে ২২০ মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর দুই পাশের প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকা না করায় প্রায় আড়াই বছর ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাকাটি-ভাবনাগঞ্জ সড়কের টাঙ্গন নদীর ওপর সেতু নির্মাণের পর ওই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ সহজে পীরগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের সুবিধা ভোগ করছে। দুই ইউনিয়নের ডাঙ্গীপাড়া, রামদেবপুর, শালগড়া, কোঠাপাড়া, ইনুয়া, আকাশিল, ভামদা, দেবীতলী, শিমুলটিয়া, হরিটা, ভাদুয়া, ঘুঘয়া, মণ্ডলপাড়াসহ ১৪-১৫টি গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ এ পথ ব্যবহার করে। ভুক্তভোগীরা জানান, বৃষ্টির পানিপ্রবাহের কারণে ২০০৯ সাল থেকেই রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে যায়। ২০১০ সালের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের ভারী বৃষ্টিপাতের ফলে কুঠিআম থেকে কোষা-ভবানীপুর বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়। গত বছরের শ্রাবণ-ভাদ্র মাসের ভারী বৃষ্টিপাতের কারণে এ রাস্তা দিয়ে চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মকবুল হোসেন বলেন, গত বছর বর্ষা শেষে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অধীনে মাটি দিয়ে রাস্তার ভাঙা অংশগুলো কিছুটা ভরাট করা হয়েছিল। কিন্তু এবারের বর্ষায় সেই মাটি সরে গিয়ে রাস্তার অবস্থা আবার আগের মতো হয়ে গেছে।পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নূরুজ্জামান বলেন, ‘নাকাটি-ভাবনাগঞ্জ রাস্তার ৪ দশমিক ৩৬ কিলোমিটার পাকা করার প্রকল্প প্রস্তাব “স্রিপ” প্রকল্পে পাঠানো হয়েছে। গত জুন মাসেই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত “স্রিপ” প্রকল্প থেকে ফলাফল আসেনি।’