'ভাতা দাও, না হলে ভিক্ষার অনুমতি দাও'
ভাতার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী ভিক্ষুকেরা। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রায় অর্ধশত ভিক্ষুক অংশ নেন।
বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়; চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে অংশ নেওয়া দীন মোহাম্মদ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভাতা দাও, তা না হলে আমাদের ভিক্ষা করার অনুমতি দাও।’
ভিক্ষুকেরা বলেছেন, সরকারের পুনর্বাসন কর্মসূচিতে তাঁরা খুশি। এ কর্মসূচির আওতায় আসতে পারলে তাঁরা আর ভিক্ষা করতে চান না। কিন্তু তাঁরা এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না।
মানববন্ধনে অংশ নেওয়া আরেক ভিক্ষুক শুকুর আলী বলেন, তিনি কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি। আবার প্রশাসনের বাধার কারণে এখন তিনি ভিক্ষাও করতে পারছেন না।
ভিক্ষুকেরা দাবি করেন, তাঁদের প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা করে ভাতা দিতে হবে। তা না হলে তাঁদের ভিক্ষা করার অনুমতি দিতে হবে।