'ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে ভালো'
ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। আজ বৃহস্পতিবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলায় সরকারি অতিথিশালায় প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মন্তব্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, গত ৪০ বছরে এর থেকে ভালো সম্পর্ক আর কখনো ছিল না। যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তনের চেষ্টা চলছে।
এ সময় পানি সমস্যার সমাধানেও যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন বাংলাদেশি হাইকমিশনার।
ভারতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর আজ প্রথম ত্রিপুরার রাজধানী আগরতলা সফরে আসেন সৈয়দ মোয়াজ্জেম আলি। তাঁর সঙ্গে ছিলেন হাই কমিশনের মিনিস্টার (প্রেস) এনামুল হক। এদিন সন্ধ্যায় দুজনই আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই মতবিনিময়কালে সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে চলেছে। রেল ও নৌ যোগাযোগও গড়ে উঠবে।
তিনি বলেন, ভিসা অফিস থেকে সদ্য সহকারী হাইকমিশনে উন্নীত আগরতলা মিশনকে ভবিষ্যতে ডেপুটি হাইকমিশন করার চেষ্টা চলছে।
এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা উল্লেখ করে রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ এবং ওই যুদ্ধে শহীদদের অসম্মান করছেন কেউ কেউ। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ডেকে এনে স্বাধীনতা সংগ্রামকে অশ্রদ্ধা করা ঠিক নয়।