'ভারত মহাসাগরের সুফল নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ গবেষক ইসকান্দার রেহমান বলেছেন, ভারত মহাসাগরে ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে এবং দেশের স্বার্থ সুরক্ষা করে সুফল আদায়ে বাংলাদেশকে সচেষ্ট থাকতে হবে।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ভারত মহাসাগরে কৌশলগত প্রতিযোগিতা: দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক একটি গোলটেবিলের মূল প্রবন্ধে এ অভিমত দেন ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটের ফেলো ইসকান্দার রেহমান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইপিএসএস) ওই আলোচনার আয়োজন করে।
ইসকান্দার রেহমান বলেন, ভারত মহাসাগরের উপকণ্ঠে পরমাণু শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, সমুদ্রপথে বাণিজ্য ও পণ্য পরিবহন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নৌপথে সহজে যোগাযোগ ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ামুখী নীতির ফলে এই অঞ্চলে এক নতুন কৌশলগত প্রতিযোগিতার সূচনা হয়েছে। ফলে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের পাশাপাশি আয়তনে ছোট হলেও ভারত মহাসাগর পরাশক্তিগুলোর একটি নতুন প্রভাব বলয় হিসেবে আবির্ভূত হয়েছে।
ইসকান্দার রেহমান বলেন, আয়তনে ছোট ও উন্নয়নশীল দেশ হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত ভারত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালনা করা। ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল নিরাপত্তাকাঠামো গড়ে তোলা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশ তার অবস্থানগত সুবিধা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।