বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর ভারত সফরকে ‘সফল’ বলে দাবি করেছেন। গতকাল শনিবার ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন। সাত দিনের সফর শেষে গতকাল দুপুরে তিনি ঢাকায় ফিরেন।সফরের শেষ দিনে গতকাল সকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া। ভারতের রাষ্ট্রপতির দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণব মুখার্জি বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের প্রতি ভারতের শ্রদ্ধা রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে খালেদা জিয়াকে জানিয়েছেন প্রণব। একই সঙ্গে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানান তিনি। প্রণব মুখার্জি বলেন, বন্ধু বদল করা যায়; কিন্তু প্রতিবেশী বদল করা যায় না। দুই দেশকে অবশ্যই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই প্রতিবেশীর সর্বোচ্চ চেষ্টা চালানো উচিত। বাংলাদেশের সব ধরনের উদ্বেগ দূর করার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রণব মুখার্জি। খালেদা জিয়া তাঁর অতীতের ভারত ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি প্রণব মুখার্জির সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের কথা স্মরণ করেন। ভারতের সঙ্গে বাংলাদেশের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে খালেদা জিয়া তাঁর দল বিএনপির প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন। ‘সফর সফল হয়েছে’: দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। সফর কেমন হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যে আন্তরিকতা ও আতিথেয়তা তাঁরা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। এই সফর সফল হয়েছে বলে আমি মনে করি।’ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমি তাঁকে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। আমার বিশ্বাস, দুই দেশের আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে।’গত ২৮ অক্টোবর খালেদা জিয়া এক সপ্তাহের সফরে ভারত যান। পরদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা এই বলে আশ্বস্ত করেন যে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বিজেপির সভাপতি নীতিন গাড়কারি ও লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করেন খালেদা জিয়া।দেশে ফিরলে বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতা ও কয়েক হাজার কর্মী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। অনেকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান।