'ভারত সফরের আগে কেন 'র'-এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের কিছুদিন আগে সে দেশের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা সংক্ষেপে ‘র’-এর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু মন্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি একাধিক বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতাসীন করার পেছনে ‘র’-এর হাত ছিল।
বিশ্লেষকেরা মনে করেন, গত আট বছরে ভারত ও শেখ হাসিনার সরকারের মধ্যে একটি বন্ধুত্বসুলভ আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। তা সত্ত্বেও ‘র’ সম্পর্কে এমন বক্তব্য তিনি কেন দিচ্ছেন?
ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষক সুবীর ভৌমিক বলেন, এর মাধ্যমে বিজেপি সরকারকে একটি বার্তা দিতে চাইছেন হাসিনা। আওয়ামী লীগের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, এর আগের আমলে বিজেপি তা বজায় রাখেনি। হয়তো শেখ হাসিনা বলতে চাইছেন, ২০০১-এর নির্বাচনের মতো এমন ভুল আর কোরো না।
বর্তমান সরকারের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন নিয়ে বাংলাদেশের ভেতরেও সমালোচনা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, ভারতের কাছ থেকে বিএনপিও যে সহায়তা নিয়েছিল, তা-ই হাসিনা মনে করিয়ে দিতে চাইছেন। আগামী সফরে ভারত থেকে যদি তিনি কিছু নিয়ে না আসতে পারেন, বিশেষ করে তিস্তা চুক্তির ব্যাপারে, তাতে করে দেশের রাজনীতিতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যে তিনি ভারতের কাছে সবকিছু সমর্পণ করে এসেছেন।
আসিফ নজরুল আরও বলেন, এ ক্ষেত্রে ভারতের সঙ্গে দর-কষাকষিতে অন্য দলগুলা কী করেছিল এবং তিনি কী শক্তিশালী ভূমিকা রেখেছেন, সে বিষয়ে একটি ক্ষেত্র তৈরি করে রাখলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ভারতের কেন্দ্রীয় নেতাদের এতই ভালো সম্পর্ক, তাতে ‘র’-এর ব্যাপারে কিছু কথা বললেও যে সেই সম্পর্ক নষ্ট হবে না, তা বুঝেই হাসিনা এই মন্তব্য করছেন।
সুবীর ভৌমিক বলেন, ২০০১ সালে বেগম জিয়া ও তারেক জিয়ার কাছে প্রত্যাশিত ভূমিকা না পাওয়াতেই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ঘুম ভাঙে। বিশেষ করে ভারতবিরোধী জঙ্গিদের তৎপরতা ভারতের জন্য চিন্তার কারণ হয়েছিল। ভারত তার প্রত্যাশিত বিষয়গুলো শেখ হাসিনার সরকারের কাছ থেকেই সবচেয়ে বেশি পেয়েছে। এটা ভারতও স্বীকার করে।
এ ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্যের ওপর অনুমান বা বিশ্লেষণ করা তাঁদের জন্য ঠিক হবে না। ‘র’-এর ভূমিকার বিষয়টিকে এসব নেতা অতীত হিসেবেই দেখছেন।