'ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্যবিষয়ক) রাজেশ উইকে বলেছেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধু। তাই ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। গতকাল শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পটুয়াখালীতে দুই দিনের সফরের শেষ দিনে গতকাল ওই মতবিনিময়ে বক্তব্য দেন রাজেশ উইকে। বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। দেশটির সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান শঙ্কা শিগগিরই দূর হবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে ভারতীয় ওই কূটনীতিক বলেন, সরকার পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দরসহ উন্নয়নমূলক বেশ কিছু প্রকল্পের কাজ শুরু করেছে। এগুলোর বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। গত দুই দিনে তিনি পটুয়াখালীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি লক্ষ করেছেন।