বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সাইফুল ইসলাম সীমান্তের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না। সীমান্ত দিয়ে বৈধভাবে গরু বা অন্য কোনো ভারতীয় পণ্য নিয়ে আসতে বিজিবি কোনো বাধা দেবে না। তবে অবৈধভাবে কোনো বাংলাদেশিকে সীমান্তরেখা পার হতে দেওয়া হবে না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভায় বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার সাইফুল ইসলাম এসব কথা বলেন। বিজিবি-১৪ ব্যাটালিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের উপ-কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান, ব্যুরোপ্রধান লে. কর্নেল তৌফিক আহমেদ, বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম শাহ্, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ফিরোজ আহমেদ প্রমুখ।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আমদানিতে প্রয়োজনে বিজিবি সহযোগিতা করবে। মাদক অথবা অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।’ সীমান্তে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রিজিয়ন কমান্ডার বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আনতে সাপাহার সীমান্ত এলাকায় ঈদুল আজহার আগেই খাটাল (করিডর) করে দেওয়া হবে। তবে এই খাটাল যাতে সুশৃঙ্খলভাবে চলে, এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’