'ভারতে ফেনসিডিল কারখানা বন্ধে অভিযান চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সন্দ্বীপ সালুনকি বলেছেন, ভারতের সীমান্ত এলাকাজুড়ে অবৈধভাবে যেসব ফেনসিডিল কারখানা গড়ে উঠেছিল, তা গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ভারতীয় এলাকায় সম্প্রতি ফেনসিডিল উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বাংলাদেশে ফেনসিডিল পাচারের প্রবণতাও কমে এসেছে।
সুন্দরবনের হাড়িয়াভাঙা ও রায়মঙ্গল নদীর সংযোগস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের যৌথ অনুশীলনের সময় গত রোববার দুই বাহিনীর প্রেস ব্রিফিংয়ে সন্দ্বীপ সালুনকি এ কথা বলেন।
বিএসএফের ওই কর্মকর্তা আরও বলেন, নদী সীমান্তপথে সব ধরনের চোরাচালান দমনে বিজিবি ও বিএসএফ যৌথ টহলের ব্যবস্থা করেছে। এর ফলে মাদক, অস্ত্র এবং জাল নোটসহ অন্য সব ধরনের চোরাচালান শূন্যের কোঠায় নেমে আসবে।
ব্রিফিংয়ে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেন, ভারত থেকে বাংলাদেশে গবাদি পশুর চোরাচালান ৭০ ভাগ কমে এসেছে। বাংলাদেশ থেকে গরু আনার জন্য ভারতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
‘সুন্দরবন মৈত্রী’ নামে প্রথমবারের মতো চলা এই যৌথ অনুশীলনের দ্বিতীয় দিন রোববার সুন্দরবনের টি-জংশন এলাকায় (হাড়িয়াভাঙা ও রায়মঙ্গল নদীর সংযোগস্থল) পণ্যবাহী ভারতীয় কার্গো জাহাজ তল্লাশির যৌথ অনুশীলন করা হয়।
কর্মসূচিতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মো. ইকবাল, বিজিবির ৩৪ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মাকসুদ আহমেদ ও ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরমান হোসেন। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজয় কুমার ও ১১৬ বিএসএফ কমান্ড্যান্ট অজিত কুমার পি।