‘ভারতে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারে কোনো আইনি বাধা নেই’
বাংলাদেশের টিভি চ্যানেলের অনুষ্ঠান ডাউনলিংক করার ক্ষেত্রে ভারতে কোনো আইনি বাধা নেই। ভারতে অনুষ্ঠান সম্প্রচারে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর আগ্রহের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।ভারতীয় হাইকমিশন জানিয়েছে, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডাউনলিংক ও আপলিংকের বিষয়ে ভারত সরকারের প্রকৃত অবস্থান গত বছরের ৫ ডিসেম্বর দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় বর্ণিত রয়েছে। নীতিমালায় সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, বাংলাদেশের চ্যানেলগুলো ডাউনলিংক করার ক্ষেত্রে ভারতে কোনো আইনি বাধা নেই। নীতিমালাটি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mib.nic.in) পাওয়া যাবে।হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারী প্রতিষ্ঠানের যোগ্যতার শর্তের পাশাপাশি ডাউনলিংক করার অনুমতি পেতে যেসব শর্ত পূরণ করতে হবে, নীতিমালায় তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে নীতিমালার একটি সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে যেকোনো বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংক করতে হলে ভারতীয় কোম্পানি আইন, ১৯৫৬ অনুযায়ী নিবন্ধিত একটি কোম্পানির মাধ্যমে সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানটির নির্ধারিত অঙ্কের অর্থ বা সমমূল্যের সম্পদ থাকতে হবে। ভারতীয় কর্তৃপক্ষ কোম্পানিটির নিবন্ধন অনুমোদন করার পর সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংক করা যাবে। আবেদনকারী কোম্পানি হয় নিজে চ্যানেলটির মালিক হবে কিংবা তার চ্যানেলটির একক বিপণনস্বত্ব থাকবে।আবেদনকারী প্রতিষ্ঠানের প্রথম চ্যানেল ডাউনলিংক করার জন্য ন্যূনতম পাঁচ কোটি রুপি বা সমমূল্যের সম্পদ এবং পরবর্তী প্রতিটি চ্যানেলের জন্য আড়াই কোটি রুপি বা সমমূল্যের সম্পদ থাকতে হবে।নীতিমালা অনুযায়ী, আবেদনকারী প্রতিষ্ঠানকে তাদের পরিচালক, চেয়ারপারসন, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান কারিগরি কর্মকর্তা, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা, মুখ্য বিপণন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার নাম ও তথ্য দিতে হবে। এ ছাড়া আবেদনকারী কোম্পানি তাদের পূর্ণ কারিগরি তথ্য দেবে এবং তথ্য মনিটর করা ও ৯০ দিন তার রেকর্ড রাখার সক্ষমতা দেখাবে। প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অন্তত একজনের কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতে ডাউনলিংকের জন্য বিদেশি চ্যানেলটির সম্প্রচারকারী দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের লাইসেন্স বা অনুমতি থাকতে হবে। সংবাদ ও সমকালীন প্রসঙ্গভিত্তিক চ্যানেলের জন্য বাড়তি শর্ত প্রযোজ্য হবে। নীতিমালা অনুযায়ী, কোম্পানির নিবন্ধন ও ডাউনলিংকের অনুমতির মেয়াদ হবে ১০ বছর। কোনো চ্যানেল ডাউনলিংকের অনুমতি পাওয়ার সময় ১০ লাখ রুপি ফি দিতে হবে। এ ছাড়া ভারত থেকে আপলিংক করা চ্যানেল ডাউনলিংক করার জন্য চ্যানেলপ্রতি বছরে পাঁচ লাখ রুপি এবং বিদেশ থেকে আপলিংক হওয়া চ্যানেল ডাউনলিংক করার জন্য বছরে চ্যানেলপ্রতি ১৫ লাখ রুপি দিতে হবে।আগ্রহী প্রতিষ্ঠানকে যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত ফরমে ভারতের তথ্য ও সম্প্রচার সচিবের কাছে আবেদন করতে হবে। আবেদনটি যোগ্য বিবেচিত হলে মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করা যাবে। তখন প্রতিষ্ঠানটিকে নিবন্ধনপত্র দেওয়া হবে। চুক্তির পর প্রতিষ্ঠানটি এমএসও বা কেব্ল-প্রধান ও অপারেটর বা ডিটিএইচ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে ডাউনলিংক করার জন্য ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনই করা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভারতে কোনো বাংলাদেশি চ্যানেল ডাউনলিংক করার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেনি। কোনো কোম্পানি ভারতে বাংলাদেশি চ্যানেল ডাউনলিংক করতে চাইলে নীতিমালার আওতায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।