'ভারতে রোহিঙ্গা নিয়ে তেমন লেখালেখি হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিক ভারত ভূষণ বলেছেন, রোহিঙ্গা সংকট সম্পর্কে তাঁর দেশের জনগণ সেভাবে জানে না। গণমাধ্যমেও রোহিঙ্গা ইস্যু নিয়ে তেমন লেখালেখি করেনি।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারত ভূষণ। তিনি হিন্দুস্তান টাইমসের সাবেক নির্বাহী সম্পাদক, টেলিগ্রাফের সাবেক সম্পাদক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার।

সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস-দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকারকর্মীদের মোর্চার পক্ষ থেকে ভারত ভূষণ ৭ থেকে ১১ ডিসেম্বর কক্সবাজারের কুতুপালং, বালুখালী ও উখিয়ার হিন্দুপাড়া পরিদর্শনে যান।

এক প্রশ্নের জবাবে বলেন, শরণার্থী সমস্যা ঠিক কতটা প্রকট, সে সম্পর্কে ভারতের মানুষ তেমনভাবে জানেন না।

ভারত ভূষণ বলেন, ‘মূল ধারার সংবাদপত্রগুলো রোহিঙ্গা ইস্যু নিয়ে সেভাবে লেখালেখি করেনি। সমস্যার গভীরতা কত, সে সম্পর্কে ভারতীয়রা খুব বেশি জানে না। দু-একটি পত্রিকা ছাড়া সব সংবাদমাধ্যম তাদের প্রতিনিধিও পাঠায়নি বাংলাদেশে। আমি ফিরে গিয়ে বলব, তারা যেন তাদের প্রতিনিধি পাঠায়।’ তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের জনগণ কখনই জাতিগত নিধনকে সমর্থন জানাতে পারে না।

অপর এক প্রশ্নের জবাবে ভারত ভূষণ বলেন, মিয়ানমারের কালাদান প্রকল্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হবে। এ প্রকল্পটি রাখাইনে। রাখাইন অস্থিতিশীল হলে ভারতের যে স্বার্থের কথা শোনা যায়, তার বাস্তবায়ন হবে না।