'ভারতের উচিত বাংলাদেশকে পানি দেওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক সেমিনারে রাজ্যপাল তথাগত রায় বলেছেন, পাকিস্তানকে নয়, ভারতের উচিত বাংলাদেশকে পানি দেওয়া। ‘আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন হয় গত শুক্রবার সন্ধ্যায়।
ত্রিপুরা ইনফো ওয়ে আয়োজিত সেমিনারে তথাগত রায় বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই শত্রু পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করার ডাক দেন তথাগত।
আন্তর্জাতিক নদীর পানি পাওয়ার ক্ষেত্রে ভাটি দেশগুলোর ন্যায্য অধিকারের পক্ষে তাঁর অবস্থান জানান তথাগত রায়। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। অথচ পানি পাচ্ছে না। কিন্তু এতগুলো যুদ্ধের পরেও পাকিস্তানে বহমান ছয়টি নদীর জলের ধারায় কখনো বিঘ্ন ঘটায়নি দিল্লি। এটা আমাকে অবাক করে।’
সেমিনারে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক কমোডর নুরুল আবসার ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক কর্মকর্তা এ বি মাথুর প্রমুখ বক্তব্য দেন।